প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ এবং সাইবার স্পেসে জুয়া প্রতিরোধের নতুন আইনের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে দু'টি পৃথক বিল উত্থাপন করা হয়েছে।
আজ সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই বিল দুটি উত্থাপন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ নামে একটি বিল উত্থাপন করেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, দেশে মাদকাশক্তি ও মাদক সংক্রান্ত অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যমান মামলার কারণে সাধারণ আদালতে এসব অপরাধের বিচারকার্য সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগছে। সুতরাং, মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য অপরাধপ্রবণ এলাকাগুলোতে পৃথক ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার বিধান যুক্ত করা হয়েছে।
একইসঙ্গে, সাইবার স্পেসে সংঘটিত মাদক অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর নতুন বিধানও এই বিলে সংযোজন করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে অভিযান পরিচালনার জন্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আগ্নেয়াস্ত্রের প্রাধিকার ও ডগ স্কোয়াড গঠনের বিধানও বিলে রাখা হয়েছে।
অন্যদিকে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’ নামের একটি বিল উত্থাপন করেন। এই বিলে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ধারা-২০ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।
বিলের বিবৃতিতে মন্ত্রী উল্লেখ করেছেন, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সংকলিত সাইবার নিরাপত্তা আইনের ধারা-২০ তে সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান ছিল। তবে, ইতোমধ্যে জুয়া এবং বেটিং সংক্রান্ত অপরাধসমূহ প্রতিরোধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি সুনির্দিষ্ট এবং বিস্তারিত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই আইনের উদ্যোগ নেওয়ায় সাইবার নিরাপত্তা আইন থেকে জুয়া সংক্রান্ত ২০ নম্বর ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন