প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের জীবন কখনো একরকম থাকে না। কখনো চারপাশ হাসি-আনন্দে ভরে ওঠে, আবার কখনো দুঃখ-বেদনা, হতাশা ও বিপদের কালো মেঘে জীবনের আকাশ ঢেকে যায়। কখনো প্রিয়জন হারানোর বেদনা, কখনো অসুস্থতার যন্ত্রণা, কখনো অভাব-অনটন, আবার কখনো মানুষের অবহেলা ও প্রতারণায় হৃদয় ক্ষতবিক্ষত হয়। তবে মুমিনের জীবনে কোনো কষ্টই অর্থহীন নয়। কখনো সেই কষ্টের বিনিময়ে পাপ মোচন হয়, কখনো মর্যাদা বৃদ্ধি পায়, কখনো আল্লাহর নৈকট্য অর্জিত হয়, আবার কখনো এমন প্রতিদান অপেক্ষা করে, যা মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ৬)
অতএব বিপদে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং তাঁর রহমতের প্রত্যাশা করা একজন প্রকৃত মুমিনের পরিচয়। নিম্নে কষ্টের আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর রহমত ও অফুরন্ত প্রতিদানের কয়েকটি দিক তুলে ধরা হলো।
১. কষ্ট ও বিপদ মুমিনের জন্য পাপ মোচনের মাধ্যম : আবু সাঈদ খুদরি (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিমের ওপর যে ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, বিষণ্নতা, কষ্ট কিংবা দুঃখই আসুক না কেন, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬৪১)
একবার চিন্তা করে দেখুন, পথ চলতে গিয়ে পায়ে একটি কাঁটা বিঁধলেও যদি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন, তাহলে দীর্ঘ অসুস্থতা, প্রিয়জন হারানোর বেদনা কিংবা জীবনের কঠিন পরীক্ষাগুলো ধৈর্যের সঙ্গে সহ্য করলে কত বড় প্রতিদান অপেক্ষা করতে পারে! তাই মুমিনের উচিত বিপদে ভেঙে না পড়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করা।
২. বিপদ-আপদ মুমিনের মর্যাদা বৃদ্ধির মাধ্যম : বিপদে মানুষ যখন ধৈর্য ধারণ করে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকে এবং তাঁর আনুগত্যে অবিচল থাকে, তখন সেই বিপদ তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যখন কোনো বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারণ করেন, যেখানে সে নিজের আমলের মাধ্যমে পৌঁছতে পারে না, তখন আল্লাহ তাকে তার শরীর, সম্পদ কিংবা সন্তান-সন্ততির ব্যাপারে পরীক্ষায় ফেলেন। এরপর তাকে ধৈর্য ধারণের তাওফিক দেন এবং সেই মর্যাদায় পৌঁছে দেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩০৯০)
৩. আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন : মানুষ সাধারণত মনে করে, যার জীবনে সুখ-শান্তি বেশি, আল্লাহ তার ওপর বেশি সন্তুষ্ট। আর যার জীবনে বিপদ-আপদ বেশি, সে হয়তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অথচ বাস্তবতা এমন নয়। আল্লাহর প্রিয় বান্দারাও কঠিন পরীক্ষার সম্মুখীন হন। নবী-রাসুলগণ ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, অথচ তাঁদের জীবনেই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই বড় প্রতিদান বড় পরীক্ষার সঙ্গে সম্পর্কিত। আর আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষায় ফেলেন।’ (জামে তিরমিজি, হাদিস: ২৩৯৬)
৪. ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ ভালোবাসা ও সাহায্য : বিপদের সময় মানুষ সবচেয়ে বেশি অসহায় বোধ করে। চারপাশের সব দরজা বন্ধ মনে হয়, পরিচিত মানুষগুলোও দূরে সরে যায়। কিন্তু একজন মুমিনের জন্য কখনো আল্লাহর দরজা বন্ধ হয় না। সে ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্যের অপেক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।’ এরপর আল্লাহ ধৈর্যশীলদের পরিচয় দিয়ে বলেন, ‘যখন তাদের ওপর কোনো বিপদ আসে, তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাব।’ এরপরই আল্লাহ তাদের জন্য তিনটি বিশেষ অনুগ্রহের ঘোষণা দিয়েছেন—তাদের প্রতি রয়েছে রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, রহমত এবং তারাই সঠিক পথপ্রাপ্ত। (সুরা : বাকারা, আয়াত : ১৫৫-১৫৭)
কত বড় সৌভাগ্যের বিষয়! বিপদের মুহূর্তে যে বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে আল্লাহর ওপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ নিজেই রহমত ও সুসংবাদের ঘোষণা দিয়েছেন।
৫. কষ্টের পরেই আসে স্বস্তি ও প্রশান্তি : জীবনের কঠিন সময়ে মানুষ অনেক সময় মনে করে, এই দুঃখের বুঝি আর শেষ নেই। কিন্তু আল্লাহ তাআলা মুমিনকে আশ্বস্ত করেছেন, কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ৫-৬)
সুতরাং বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর রহমতের প্রত্যাশা করা উচিত। কারণ মানুষের দৃষ্টিতে যে পথ বন্ধ, আল্লাহ চাইলে সেখান থেকেই মুক্তির পথ খুলে দিতে পারেন।
৬. ধৈর্যশীলদের প্রতিদান হবে সীমাহীন : মানুষের প্রতিটি ভালো কাজের প্রতিদান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কিন্তু ধৈর্যের প্রতিদান এতটাই বিশাল যে, আল্লাহ তা কোনো নির্দিষ্ট পরিমাণের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বিপদের সময় যে ব্যক্তি নিজের ঈমান অটুট রাখে, হারাম থেকে বেঁচে থাকে এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট না হয়ে ধৈর্য ধারণ করে, তার জন্য রয়েছে অপরিসীম পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে অপরিমিতভাবে।’ (সুরা : যুমার, আয়াত: ১০)।
৭. বিপদে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ তৈরি হয় : সুখ-স্বাচ্ছন্দ্যের সময় অনেক মানুষ আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার ব্যস্ততা, সম্পদের মোহ ও নানা আকর্ষণে ডুবে থেকে ইবাদতে অবহেলা করে। কিন্তু যখন জীবনে বিপদ আসে, তখন মানুষ নিজের অসহায়ত্ব উপলব্ধি করে। তখন তার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, ‘আর অবশ্যই আমি তাদের বড় শাস্তির আগে ছোট শাস্তির কিছু স্বাদ আস্বাদন করাব, যাতে তারা ফিরে আসে।’ (সুরা : সাজদাহ, আয়াত : ২১)
৮. মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণকর : একজন মুমিনের জীবনে শুধু সুখের সময়ই কল্যাণ থাকে না; বরং দুঃখের সময়ও তার জন্য কল্যাণের সুযোগ থাকে। সুখে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর দুঃখে ধৈর্য ধারণ করে। এভাবেই তার জীবনের প্রতিটি পরিস্থিতি ইবাদতে পরিণত হয়। সুহাইব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের বিষয়টি কতই না বিস্ময়! তার প্রতিটি বিষয়ই কল্যাণকর।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৯৯৯)
এরপর রাসুলুল্লাহ (সা.) ব্যাখ্যা করে বলেন, মুমিন সুখ-শান্তি লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর বিপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর হয়।
আল্লাহ তাআলা আমাদের জীবনের সব বিপদ-আপদে ধৈর্য ধারণের মাধ্যমে তাঁর অফুরন্ত রহমত ও জান্নাত লাভ করার তাওফিক দান করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন