প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ছিনতাইয়ের চেষ্টা করা ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিংসংলগ্ন পাকা সড়কে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মো. অন্তর (২২) এবং অপরজন মো. ইয়াছিন (২০)।
পুলিশের তথ্য অনুযায়ী, ইজিবাইকচালক আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তরা সোহাগী যাওয়ার কথা বলে ১০০ টাকায় ইজিবাইকটি ভাড়া নেন। বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর পর চালকের গলায় চাকু ঠেকিয়ে গাড়িটি থামানো হয়। একপর্যায়ে চালকের বাম হাতে চাকু দিয়ে আঘাত করে তাকে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করা হয়।
চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইজিবাইক ও একটি চাকু। এ সময় তাদের সঙ্গে থাকা মো. মারুফ (২২) নামের একজন পালিয়ে যায়।
আহত চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত রুমন এ বিষয়ে বলেন, "এ ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন