প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। জেরুজালেমের জেলা আদালত, নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার মধ্যে দুটি বাদ দেওয়ার সুপারিশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নেতানিয়াহুর তৃতীয় মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকরা পরামর্শ দিয়েছেন। আদালতের এই পর্যবেক্ষণের ফলে রাষ্ট্রপক্ষের জন্য অভিযোগ প্রমাণের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিচার চলাকালে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে আদালতে ডেকে বিচারকরা তাদের পর্যবেক্ষণ উপস্থাপন করেন। তারা জানান, কেস ৪০০০-এ নেতানিয়াহুকে ঘুস গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা অত্যন্ত কম। সুতরাং, পুরো মামলাটি পুনর্বিবেচনা করে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।
কেস ৪০০০-এ অভিযোগ রয়েছে যে, নেতানিয়াহু টেলিকম প্রতিষ্ঠান বেজেকের তৎকালীন নিয়ন্ত্রণকারী মালিক শাউল এলোভিচকে ব্যবসায়িক সুবিধা দিয়েছিলেন। এর বিনিময়ে, এলোভিচের মালিকানাধীন ওয়ালা সংবাদমাধ্যমে নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের ব্যবস্থা করা হয়েছিল।
বিচারকদের মতে, ওয়ালায় নেতানিয়াহুর পক্ষে অস্বাভাবিক মাত্রায় ইতিবাচক সংবাদ প্রকাশের অভিযোগ যথেষ্টভাবে প্রমাণিত হয়নি। ফলে কথিত সুবিধা বিনিময়ের বিষয়টিও প্রতিষ্ঠা করা কঠিন বলে মনে হচ্ছে।
এছাড়া, কেস ২০০০ নিয়েও বিচারকরা গুরুতর প্রশ্ন তুলেছেন। এই মামলায় অভিযোগ রয়েছে যে, নেতানিয়াহু ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রকাশক আর্নন মোজেসকে সুবিধা দিতে প্রতিদ্বন্দ্বী সংবাদপত্র ইসরাইল হায়োমের বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন। বিনিময়ে, তিনি নিজের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের প্রত্যাশা করেছিলেন। তবে বিচারকদের প্রশ্ন হচ্ছে, অভিযোগে বর্ণিত কর্মকাণ্ড আদৌ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে কি না।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, কেস ১০০০ নিয়ে বিচারকরা তেমন কোনো আপত্তি তোলেননি। এই মামলায় হলিউড প্রযোজক আর্নন মিলচান ও অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকারের কাছ থেকে নেতানিয়াহুর দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। উপহারের মধ্যে শ্যাম্পেন, সিগার ও গয়না অন্তর্ভুক্ত ছিল। এগুলোর মূল্য কয়েক লাখ শেকেল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, বিনিময়ে নেতানিয়াহু তাদের ব্যবসায়িক স্বার্থে সহায়তা করেছিলেন।
বিচারকরা মনে করছেন, কেস ১০০০-এর গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তাই মামলাটি দ্রুত শেষ করার জন্য দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ খোঁজা যেতে পারে।
তবে আদালতের এই সুপারিশ চূড়ান্ত রায় নয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বিচারকদের পর্যবেক্ষণ প্রসিকিউশন দলের সঙ্গে পর্যালোচনা করা হবে।
এদিকে সাবেক উপ-রাষ্ট্রীয় কৌঁসুলি নুরিত লিটম্যানের মতে, রাষ্ট্রপক্ষের হাতে এখনো গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ রয়েছে। তাই আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে মামলাগুলো পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা, তা নিশ্চিত নয়।
নেতানিয়াহু ২০২০ সাল থেকে চলা এই বিচারপ্রক্রিয়ায় সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আদালতের সর্বশেষ পর্যবেক্ষণের পর মামলাগুলোর ভবিষ্যৎ এবং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন