প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : সরকার হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অতিরিক্ত কল্যাণ অনুদান বরাদ্দ করেছে, যা ১০ হাজার ৭৮৫ জনের জন্য নির্ধারিত হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে অনলাইনে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন উপজেলা ও শহরের সমাজসেবা কার্যালয়ের কাছে এ বরাদ্দ বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ‘অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন’ কার্যক্রমের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর, অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়, যা স্বাক্ষর করেন পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ অর্থবছরে অর্থনৈতিক গ্রুপ/কোড-৩৭২১১০২-এর আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৭ হাজার ১ জনের বরাদ্দ পাওয়া গেছে। এর সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের অবশিষ্ট ৩ হাজার ৭৮৪ জনের বরাদ্দ যুক্ত করা হয়েছে। ফলে মোট ১০ হাজার ৭৮৫ জনের জন্য বরাদ্দ বিভাজন প্রস্তুত করা হয়েছে।
অধিদপ্তর জানায়, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আনুপাতিক হারে বিভিন্ন উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের মধ্যে বরাদ্দ বণ্টন করা হয়েছে।
বরাদ্দ বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে উপকারভোগী নির্বাচনের পর পেরোল পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে ‘অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুসরণ করতে হবে। বরাদ্দ অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত চিঠি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে বরাদ্দসংক্রান্ত তথ্য প্রকাশের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন