প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে মস্কো সফরে যেতে পারেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সোমবার জানিয়েছে, সফরটির প্রস্তুতি চলছে। তবে ইসলামাবাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, শাহবাজ শরিফের রাশিয়া সফরের প্রস্তুতি চলছে। এর আগে গত মার্চে তার মস্কো সফরের পরিকল্পনা ছিল, কিন্তু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসলামাবাদ সেই সফর স্থগিত করে। পরে দুই দেশের মধ্যে আলোচনা করে সফরের নতুন তারিখ নির্ধারণের কথা ছিল।
পাকিস্তান দুইটি বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হওয়ায় সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান পুরো অঞ্চলে সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়া এবং ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দিতে হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য মস্কো সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আফগানিস্তান নিয়েও পুতিন ও শাহবাজ শরিফের আলোচনা হতে পারে।
সম্প্রতি পাকিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগ দেখা গেছে। গত ১২ অক্টোবর রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ ইসলামাবাদ সফর করেন এবং পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।
রুশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের ‘ইতিবাচক অগ্রগতিতে’ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও রাশিয়া জ্বালানি, যোগাযোগব্যবস্থা, কৃষি এবং বাণিজ্য খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। তবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে।
বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা, অর্থ পরিশোধের কার্যকর পদ্ধতি এবং সরাসরি যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ অবস্থায় শাহবাজ শরিফের সম্ভাব্য মস্কো সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পারস্পরিক অবস্থান বিনিময়ের সুযোগ তৈরি করতে পারে। তবে সফরের সময়সূচি ও আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।
সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন