প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউড অভিনেত্রী গ্লেন ক্লোজ, যিনি অভিনয়জীবনের পাঁচ দশকের বেশি সময় ধরে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন, অস্কারে আটবার মনোনয়ন পেলেও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে। তবে দীর্ঘ অপেক্ষার পর, এবার তিনি সম্মানসূচক অস্কার লাভ করতে যাচ্ছেন। ৭৯ বছর বয়সে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাচ্ছেন গ্লেন ক্লোজ।
পুরস্কার পাওয়ার খবরটি প্রথম শুনে গ্লেন খুব উচ্ছ্বসিত হতে পারেননি। বরং তাঁর মনে হয়েছিল, আটবার অস্কার না জেতার পর এটি যেন একধরনের সান্ত্বনা পুরস্কার। এমনকি, এই সম্মান গ্রহণ করলে অস্কারে না জেতার দীর্ঘ রেকর্ডের কোনো পরিবর্তন হবে কি না, তা নিয়েও তিনি চিন্তা করেছিলেন। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর সেই প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।
সম্মানসূচক অস্কার, প্রতিযোগিতামূলক অস্কারের তুলনায় ভিন্ন। এটি কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য নয়, বরং চলচ্চিত্রশিল্পে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। ২০০৯ সাল থেকে মূল অস্কার আয়োজনের বাইরে লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
গ্লেন ক্লোজের কাছে এবারের স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে অভিনয় করছেন এবং প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলেন ১৯৮৩ সালে। এত দীর্ঘ সময়ের অভিনয়জীবনের পর এমন স্বীকৃতি পেয়ে তিনি আবেগাপ্লুত।
প্রথম চলচ্চিত্রেই অস্কার মনোনয়ন
১৯৮৩ সালে জর্জ রয় হিল পরিচালিত ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ সিনেমার মাধ্যমে গ্লেন ক্লোজ প্রথম অস্কার মনোনয়ন লাভ করেন। মজার বিষয় হলো, সেটিই ছিল তাঁর প্রথম চলচ্চিত্র। এরপর ‘দ্য বিগ চিল’ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি মনোনয়ন পান। প্রথম মনোনয়নের খবরটি পেয়েছিলেন দ্বিতীয় সিনেমার শুটিং চলাকালে। তখন অস্কারের মতো বড় স্বীকৃতি পাওয়ার কথা তিনি কল্পনাও করেননি বলে জানিয়েছেন।
অস্কারের মঞ্চ ঘিরে গ্লেনের স্মৃতিতে রয়েছে আরও কিছু মজার ঘটনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে যখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের পরামর্শে নিজের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন গ্লেন। সেখানে সহ-অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে একটি পুরস্কার দিতে মঞ্চে উঠেছিলেন।
মঞ্চে ওঠার পর দর্শকদের হাসির কারণ প্রথমে বুঝতে পারেননি গ্লেন। পরে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট হয়। ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমায় তাঁর চরিত্র অ্যালেক্স ফরেস্ট দাবি করেছিল, মাইকেল ডগলাসের চরিত্র ড্যান গ্যালাঘারের সন্তানের মা হতে যাচ্ছে সে। বাস্তবে সেদিন গ্লেন অন্তঃসত্ত্বা ছিলেন। পর্দার সেই ঘটনার সঙ্গে বাস্তবের মিল দেখে দর্শকেরা হেসে উঠেছিলেন। ঘটনাটি এখনো আনন্দের সঙ্গে স্মরণ করেন গ্লেন।
পুরস্কারের চেয়ে অভিনয়ই বড়
আটবার অস্কারে মনোনয়ন পেয়েও পুরস্কার না জেতার আক্ষেপ কখনো প্রকাশ করেননি গ্লেন ক্লোজ। তাঁর কাছে পুরস্কার পাওয়ার চেয়ে ভালো কাজ করা এবং সৃজনশীল মানুষের সঙ্গে কাজের সুযোগ পাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। অস্কারের অনুষ্ঠানে অংশগ্রহণ করাকেও তিনি বড় সম্মান মনে করেন।
নতুন সম্মাননা পাওয়ার পর, পুরস্কারটি বাড়িতে কোথায় রাখবেন, সেটিও এখনো ঠিক করেননি গ্লেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বোজম্যান শহরের মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চান। হলিউডের ব্যস্ততা থেকে দূরে এই শহরেই অবসর কাটান গ্লেন।
৭৯ বছর বয়সেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা তাঁর নেই। চলতি বছর তিনি স্প্যানিশ ভাষার চলচ্চিত্র ‘লা বোলা নেগ্রা’, সিরিজ ‘অলস ফেয়ার’-এর নতুন মৌসুম এবং ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের নতুন একটি সিনেমায় কাজ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন