প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। ৭ লাখ ২০ হাজার টাকা, যা বরাদ্দের উদ্বৃত্ত ও অব্যবহৃত অর্থ, সফলভাবে সম্পন্ন হওয়া একটি খাল পুনঃখনন প্রকল্পের পর তিনি সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি দরগাবাড়ি খালের মেজার আলী শেখের বাড়ি থেকে মোদাচ্ছের মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। নির্ধারিত কাজ সম্পূর্ণ হওয়ার পরেও বাজেটের বিপুল পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকে, যা পরবর্তীতে বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান প্রকল্পের অর্থ ফেরতের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উন্নয়ন প্রকল্পের টাকা যথাযথভাবে ব্যয় করার পর এভাবে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ। খাল পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং স্থানীয় কৃষকরা আশা করেছেন হাজার হাজার একর ফসলি জমিতে পানি সেচ ও নিষ্কাশন সুবিধা সৃষ্টি হবে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান প্রকল্পের অব্যবহৃত অর্থ ফেরত এবং কাজের মান নিশ্চিত করার বিষয়ে জানান, "সরকারি প্রতিটি টাকা জনগণের আমানত। আমাদের মূল লক্ষ্য ছিল প্রকল্পের গুণগত মান বজায় রেখে খালটি সঠিকভাবে পুনঃখনন করা, যাতে কৃষকরা এর সুফল পান। নির্ধারিত কাজ শতভাগ নিখুঁতভাবে শেষ করার পর যখন দেখা গেল বরাদ্দের কিছু টাকা অব্যবহৃত রয়ে গেছে, তখন আমরা দেরি না করে তা সরকারি কোষাগারে ফেরত জমা দিয়েছি। উন্নয়ন কাজে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা বজায় রাখা আমাদের প্রশাসনিক দায়িত্ব। আশা করি, খালটি পুনঃখননের ফলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন