প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : দেশের নৌপথের নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে সরকার পুঁজি খননের মাধ্যমে ৪ হাজার ৫০০ কিলোমিটার নৌপথ সচল করার উদ্যোগ গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামায়াতে ইসলামীর ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের একটি সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথ সচল করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করার জন্য খননের মাধ্যমে ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথের নাব্যতা বজায় রাখা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, নদীদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ঢাকা মহানগর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য এম শফিকুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রধান অভ্যন্তরীণ নৌপথগুলোর নাব্যতা বজায় রাখতে প্রতিবছর রক্ষণাবেক্ষণ খনন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, পুরাতন ব্রহ্মপুত্র নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং গভীরতা ৮ ফুটে উন্নীত করতে ২ হাজার ৩৯০ দশমিক ৮৭ লাখ ঘনমিটার পুঁজি খননের সংস্থান রাখা হয়েছে। একই প্রকল্পের আওতায় ধরলা, তুলাই ও পুনর্ভবা নদীর গভীরতা সাড়ে ৬ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত অক্টোবর পর্যন্ত এর মধ্যে ১ হাজার ৫৫৪ লাখ ঘনমিটার খনন সম্পন্ন হয়েছে।
এছাড়া, জিনাই, ঘাঘট, বংশী ও নাগদা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত করা, নাব্যতা বৃদ্ধি এবং বন্যা ব্যবস্থাপনা জোরদারে ১ হাজার ৪৮৯ দশমিক ৭০ লাখ ঘনমিটার পুঁজি খনন এবং ৮৮২ দশমিক ১০ লাখ ঘনমিটার রক্ষণাবেক্ষণ খননের সংস্থান রাখা হয়েছে। এসব নদীর বিভিন্ন স্থানে গভীরতা ৮ থেকে ১০ ফুটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। গত অক্টোবর পর্যন্ত ৬০ লাখ ঘনমিটার খনন সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও জানান, বৃহত্তর সিলেট অঞ্চলের নদী ব্যবস্থাপনায় একটি সমন্বিত পরিকল্পনা অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এতে নদী খনন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পর্যটন, জলাভূমি, প্রতিবেশব্যবস্থা, সেচ ও নৌযান ভেড়ানোর সুবিধা উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা-ভোলা-বরিশাল নৌপথের নাব্যতা সংকট নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পথে নৌযান চলাচলের জন্য প্রয়োজনীয় নাব্যতা নিশ্চিত করতে খননের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বিবেচনা ও গ্রহণ করা হবে।
এদিকে, পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদীর ওপর নির্মিত বগা সেতু আগামী জানুয়ারিতে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিশুর আবেদনের পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হচ্ছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন