প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসি আগামী বুধবার (২৯ জুলাই) শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে থাকছেন না। এর ফলে নতুন করে প্রশ্ন উঠছে, গতবারের মতো এবারও কি ইন্টার মায়ামি তারকা শাস্তির মুখে পড়বেন? তবে আশার কথা হলো, এবার আর শাস্তির মুখে পড়তে হচ্ছে না ৩৯ বছর বয়সী মেসিকে। কারণ, তার এই অনুপস্থিতি বৈধ কারণেই।
গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরে পরিবারের সঙ্গে বিশ্রামে আছেন মেসি। ক্লাবের সঙ্গে আগেই সমন্বয় করে এই ছুটির ব্যবস্থা করা হয়েছিল। একই কারণে তার সতীর্থ রদ্রিগো ডি পলও এমএলএস অল-স্টার ম্যাচে অংশ নেওয়া থেকে অব্যাহতি পেয়েছেন।
এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, '২০২৬ মৌসুম শুরুর আগে মেজর লিগ সকার এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একমত হয়েছিল যে, বিশ্বকাপ শেষে প্রত্যেক খেলোয়াড়ের বিশ্রাম এবং অনুশীলনে ফেরার সময়সূচি নিয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলো আলাদাভাবে সিদ্ধান্ত নেবে।' সেই চুক্তির ভিত্তিতেই রদ্রিগো ডি পল ও লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার গেমে অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোন এমএলএস অল-স্টার ম্যাচেই খেলা হয়নি মেসির। ২০২৩ সালে তিনি খেলেননি, কারণ তখন সদ্যই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন এবং তিনি দলে নির্বাচিত হননি। ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান গোড়ালিতে চোট পাওয়ায় তিনি অনুপস্থিত ছিলেন। আর ২০২৫ সালে শারীরিক ক্লান্তির কারণে নিজেই না খেলার সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের সেই সিদ্ধান্তের কারণে এমএলএস তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। ইন্টার মায়ামির মালিক ও প্রধান নির্বাহী হোর্হে মাস সেই সিদ্ধান্তকে 'অত্যন্ত কঠোর' বলে সমালোচনা করেছিলেন। তবে এবার মেসিকে এমন কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না।
বিশ্রাম উপভোগ করলেও এখনও নিশ্চিত নয়, কবে মেসি ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেবেন। এদিকে তার অনুপস্থিতিতেই আগামী শনিবার (১ আগস্ট) এমএলএসের রাউন্ড অব ১৬-এ কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন