প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, স্মার্টফোন ব্যবহার করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছে। তিনি উল্লেখ করেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে একটি স্মার্টফোন ব্যবহার করে সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে—ম্যাট্রিক পাসও না, ক্লাস এইটও পাস না। এই নকল সাংবাদিকরা আসল সাংবাদিকদের সুনাম নষ্ট করছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে এই নকল সাংবাদিকরা সরকারেরও ব্যাপক ক্ষতি করছে। তিনি প্রশ্ন রাখেন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও সুনাম রক্ষায় ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট তালিকা এবং সুস্পষ্ট বিধিমালা সরকার তৈরি করবে কি না।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জয়নুল আবদিন ফারুকের প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া তথ্যের কারণে শুধু সংসদ সদস্যরাই নয়, বরং দেশের আপামর জনসাধারণ ও সব শ্রেণির পেশাজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া সমীচীন হবে না। কারণ আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। তবে সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শ ও মতবিনিময়ের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন, সেই প্রস্তাবনা এলেই তা সবচেয়ে ভালো হবে।
সরকার বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং পেশাদার সাংবাদিকতাকে উৎসাহিত করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও সংসদে জানান প্রতিমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন