প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরীয় ফরোয়ার্ড এবং জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহকে আনুষ্ঠানিকভাবে দলে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে যাচ্ছে তুর্কি ক্লাব ট্র্যাবজনস্পোর। বুধবার, তিনি ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছালে সেখানে শত শত সমর্থক তাকে ঘেরাবন্দি করে উল্লাসে মেতে ওঠেন।
এ সময় এই তারকা ট্র্যাবজনস্পোরের জার্সি পরে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুম শেষে অ্যানফিল্ড ত্যাগ করেন। লিভারপুলের হয়ে নয় বছরের দীর্ঘ সময়ের ক্যারিয়ারে তিনি ২৫৭টি গোল করেছেন। ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার কারণে তার ট্রান্সফার ফি লাগেনি, যার ফলে তুর্কি সুপার লিগের ক্লাবটি তাঁকে আকর্ষণীয় বেতন দিতে পারছে।
যদিও, তার সঠিক পারিশ্রমিকের পরিমাণ এখনো জানা যায়নি।
গত মৌসুমে পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়ন গালতাসারাইয়ের তুলনায় আট পয়েন্ট পিছিয়ে থেকে তিন নম্বরে শেষ করেছিল ট্র্যাবজনস্পোর। ফলে, আগামী মৌসুমে তারা ইউরোপা লিগে সালাহকে দেখা যেতে পারে। যদি ক্লাবটি প্লে-অফ অতিক্রম করে ইউরোপা লিগের মূল পর্বে জায়গা না পায়, তবে কনফারেন্স লিগে খেলতে হবে।
এর আগে, সালাহ ২০২৫ সালের এপ্রিলে লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতনের চুক্তি করেছিলেন, যেখানে তার সাপ্তাহিক আয় ছিল প্রায় চার লাখ পাউন্ড।
আজ বৃহস্পতিবার, পাপারা পার্কে সালাহর জন্য এক জাঁকজমকপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে ট্র্যাবজনস্পোর। ক্লাবটি সমর্থকদের নতুন মৌসুমের জার্সি পরে স্টেডিয়ামে উপস্থিত থেকে এই ‘ঐতিহাসিক মুহূর্তের’ সাক্ষী হওয়ার আহ্বান জানিয়েছে।
‘ব্ল্যাক সি স্টর্ম’ নামে পরিচিত ট্র্যাবজনস্পোর এ পর্যন্ত সাতটি লিগ শিরোপা জিতেছে, যার ছয়টিই এসেছিল ১৯৭৬ থেকে ১৯৮৪ সালের মধ্যে। তারা ৩৮ বছরের খরা কাটিয়ে সর্বশেষ ২০২২ সালে লিগ ট্রফি ছোঁয়।
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ট্র্যাবজনের এই ক্লাবটি সুপার লিগ জেতা মাত্র ছয়টি দলের একটি।
সাবেক লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ এবং আর্সেনালের উইঙ্গার নিকোলাস পেপের পর, ট্র্যাবজনস্পোরের রক্তিম-আকাশি জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন সালাহ। ক্লাবের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় চুক্তি হিসেবে গণ্য করা হচ্ছে।
ইংলিশ জায়ান্ট লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং দুটি ইএফএল কাপ জিতেছেন সালাহ। ইংল্যান্ডে খেলার সময় তিনি চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) হওয়ার স্বীকৃতি পেয়েছেন, পাশাপাশি ২০১৮, ২০২২ ও ২০২৫ সালে তিনবার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের লিগ জয়ে ২৯টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করে বিশেষ ভূমিকা রেখেছিলেন সালাহ। তবে, এর পরের মৌসুমে তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে মনোমালিন্যের কারণে ক্লাবে তার খেলার সময় অনেকটা কমে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন