প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) এই ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন।
পুলিশের কাছে দায়ের করা এজাহার থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি পথরোধ করেন। এরপর তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে সাইফুলকে মারধর করা হয় এবং জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী দাবি করেছেন, চক্রটি বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে কৌশলে তিনি তার স্বজনকে ফোন করে বিষয়টি জানান। স্বজনের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং চার নারীকে আটক করে। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন