প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশনের পরেও প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন।
সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। জীবন মিয়া পেশায় একজন সেনাবাহিনীর সদস্য। গত ৯ সেপ্টেম্বর ২ মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন মিয়া। এরপর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি মিষ্টি আক্তারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু পারিবারিক চাপের কারণে মিষ্টিকে বাড়িতে রেখে জীবন মিয়া সেখান থেকে পালিয়ে যান। এরপর থেকে প্রেমিক জীবন মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন কলেজপড়ুয়া ওই তরুণী।
স্থানীয়দের মতে, বিষয়টি সমাধানের জন্য উভয় পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ছয় দিন অতিবাহিত হলেও কোনো সমাধান না হওয়ায় মিষ্টি এখনও জীবন মিয়ার বাড়িতে অবস্থান করছেন।
এদিকে, দীর্ঘ সময় ধরে ওই বাড়িতে অবস্থান এবং মানসিক চাপের কারণে মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন। মিষ্টির পক্ষ থেকে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তারা দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি জানান।
বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, তরুণীর নিরাপত্তা নিশ্চিত এবং তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে প্রেমিক জীবন মিয়ার সঙ্গে প্রেমিকা মিষ্টি আক্তারের বিয়ের ব্যবস্থা করার জন্য হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন