প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমের শুরু, এরপর বিচ্ছেদ। তবে শেষ পর্যন্ত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সেই সাবেক প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে সম্পর্কের শুরু, বিচ্ছেদ এবং পুনর্মিলনের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কীভাবে করোনাকালে তাদের সম্পর্ক নতুন মোড় নিয়েছিল।
এক সাক্ষাৎকারে কাজল আগরওয়াল তার প্রেমের গল্প বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’ গৌতমের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল একটি বন্ধুর বিয়েতে। সেই আলাপ থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রায় ১৩ বছর আগে শুরু হয়েছিল তাদের প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং মাঝপথে তাদের বিচ্ছেদ ঘটে।
তবে বিচ্ছেদের পরেও তাদের বন্ধুত্বে ছেদ পড়েনি। দুজনেই অন্য সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন, কিন্তু কোথাও যেন একে অপরের প্রতি টান রয়ে গিয়েছিল। কাজল বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তবে বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’
করোনাকাল তাদের সেই উপলব্ধিকে আরও জোরালো করে তোলে। যখন গোটা বিশ্ব অনিশ্চয়তার মধ্যে ছিল, তখনই তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্ক নিয়ে কোনো অনিশ্চয়তা রাখতে চাননি এই দক্ষিণী তারকা। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন— বিয়ে করতে রাজি হলে তবেই নতুন করে সম্পর্ক শুরু হবে।
কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম— এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’ তিনি বলেন, ‘এত বছর ধরে একে অপরকে চেনার পর নতুন করে জানার কিছুই বাকি ছিল না। একে অপরের ভালোমন্দ, পছন্দ-অপছন্দ, জীবনের ওঠাপড়ার সবটাই আমাদের জানা।’ করোনাকালে পেশাগত ব্যস্ততা কিছুটা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনেও মন দেওয়ার সুযোগ পেয়েছিলেন বলেও জানান তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সবসময়ে কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। সেই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’ ২০২০ সালের অক্টোবর মাসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন কাজল আগরওয়াল ও গৌতম। করোনাকালে বিধিনিষেধের কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন