প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া টাকা চাওয়ার কারণে একটি রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াতের এক নেতার বিরুদ্ধে উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, টানা তিন দিন রেস্টুরেন্টটি বন্ধ থাকায় ভেতরে থাকা কাঁচামাল নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন রেস্টুরেন্টের মালিক শাহাদাত হোসেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) তিনি এই ঘটনার জন্য রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তি সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী। তিনি জামায়াতের মনোনীত উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজারের বড় মসজিদের খতিব।
শাহাদাত হোসেন হায়দারগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরের স্বত্বাধিকারী। অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে জাহেদ ওই রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। একাধিকবার মেহমানদের নিয়ে সেখানে গিয়েছেন। বেশিরভাগ সময় তিনি বাকিতে খাবার খেতেন। এর ফলে প্রায় পাঁচ মাস আগে তার কাছে ২০ হাজার টাকা বকেয়া হয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও তিনি ওই টাকা পরিশোধ করেননি।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাওনা টাকা চাওয়ার কারণে গত ২৭ অক্টোবর ১২-১৩ জনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে যান জাহেদ। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে রেস্টুরেন্টে তালা দেন, কর্মচারীদের বের করে দেন। ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বলে দাবি করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে জাহেদ লোকজন নিয়ে এসে রান্নাঘরে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায় তালা দিয়ে আমাদের বের করে দেওয়া হয়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন জানান, পাওনা ২০ হাজার টাকা চাওয়ার কারণে জাহেদ ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। তিনি বলেন, "তিন দিন ধরে আমার প্রতিষ্ঠান বন্ধ। কাঁচামাল পচে যাচ্ছে। উপার্জনও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।"
অভিযোগ অস্বীকার করে জাহেদ বলেন, "আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ করছেন। আমার কাছে তিনি কোনো টাকা পাবেন না। বরং আমি তার কাছে টাকা পাব।"
তবে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে জানানো হলে তিনি অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি।
হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছেন। তিনি বলেন, "এ কারণেই হয়তো দোকানে তালা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা নেই।"
রায়পুর থানার এএসআই নির্মল ত্রিপুরা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষকে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন