প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বরিশালের হারানো খাল পুনরুদ্ধারের জন্য ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় নগরীর ২০টি খাল এবং ১০টি পুকুর পুনঃখনন করা হবে। এর পাশাপাশি, ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, সড়কবাতি স্থাপন, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।
নগরবাসীর প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে এবং বরিশালের ঐতিহ্যবাহী খালকেন্দ্রিক পরিবেশ ফিরে আসবে। একসময় বরিশাল নগরীর প্রাণপ্রবাহ ছিল এসব খাল। খালগুলো নৌপথে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং নগরীর পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু সময়ের পরিবর্তনে দখল, দূষণ এবং ভরাটের কারণে হারিয়ে গেছে সেই চিত্র। অনেক খাল বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে, আবার কোথাও খালের অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, কাগজে-কলমে বরিশাল নগরীতে ২৪টি খাল থাকলেও দখল ও দূষণের কারণে বর্তমানে কোনোরকমে টিকে আছে মাত্র সাতটি। দীর্ঘদিন ধরে নগরবাসী খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্প অনুমোদনের খবরে তাই তারা আশার আলো দেখছেন।
কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা জহির উদ্দিন বলেন, "খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। খালগুলো সঠিকভাবে পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।"
হাসপাতাল রোডের ষাটোর্ধ্ব আকবর মিয়া বলেন, "একসময় বরিশালের খালগুলো দিয়ে নৌকা চলাচল করত। খালগুলো ছিল নগরীর সৌন্দর্য ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এখন অনেক খাল ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে।" তিনি মনে করেন, "শুধু খনন করলেই হবে না, ভবিষ্যতে যাতে কেউ খাল দখল করতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।"
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের উপপরিচালক দিপু হাফিজুর রহমান বলেন, "নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পের সুফল পেতে হলে পরিকল্পিতভাবে কাজ বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "সাথে সাথে খালগুলো দখল ও দূষণমুক্ত রাখতে নাগরিকদের সম্পৃক্ত করে নিয়মিত তদারকির ব্যবস্থা প্রয়োজন।"
নগর ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় ২০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন করা হবে। এছাড়া, ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি নগরীর পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন হবে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুম্পা সিকদার বলেন, "প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন হবে। একই সাথে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, পাড় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার সুযোগ তৈরি হবে।" তিনি উল্লেখ করেন, "প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হবে।"
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, "বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল পুনরুদ্ধারের এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান, কারণ দীর্ঘদিনের দাবি পূরণে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। তার প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি হারানো খালগুলো ফিরে পাবে প্রাণচাঞ্চল্য। বরিশাল আবারও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন