প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবসরের প্রায় এক যুগ পর পেশাদার ফুটবলে আবারও প্রবেশ করতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সী এই ফুটবল তারকা ইতালির সিরি-সি লিগের ক্লাব র্যাভেনার হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আলোচিত ডার্বি ম্যাচে তিনি খেলতে যাচ্ছেন, যেখানে ড্রিবলিংয়ের এই জাদুকরকে দেখা যাবে।
গত জুন মাসে প্রথমবারের মতো ক্লাবটির সঙ্গে চুক্তি করে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। শুক্রবার তিনি নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন। এর আগে, পেশাদার ক্যারিয়ারে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠে নামেন এই ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।
একটি বিজ্ঞপ্তিতে সিরি-সি’র ক্লাব র্যাভেনা জানায়, ‘এটি এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে আকৃষ্ট করবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য মনে করেছিলেন, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নিশ্চিত বার্তা দিচ্ছি। আবার ফিরছে সেই জাদু, সেই চেনা হাসি এবং নিখাদ এক প্রতিভা।’
ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট ক্লাব র্যাভেনা এতদিন বিশ্বফুটবলে অচেনা ছিল। তবে রোনালদিনহোর যোগদানের ফলে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে এই দলটি। ২০২৪ সালে ক্লাবটি কিনেছিলেন শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি, যিনি বিশ্বখ্যাত এই ব্রাজিলিয়ানকে শৈশবের আইকন হিসেবে মানেন। চিপ্রিয়ানির বিশ্বাস, রোনালদিনহোর আগমন ক্লাবটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
পুরনো স্মৃতি ও সম্পর্কের টানেই এই ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এসি মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বহু বছরের সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগটি এসেছে। আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন