প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহালের পর এবার টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় পদে ফিরিয়ে আনার দাবি উঠেছে।
টাঙ্গাইলের তৃণমূল নেতা-কর্মীদের একাংশ এ দাবি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও বিবৃতিতে স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, নড়াইলে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে টাঙ্গাইলেও একই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁদের মতে, অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে তাঁর আগের পদে ফিরিয়ে দিলে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
তৃণমূল নেতা-কর্মীদের দাবি, ফরহাদ ইকবাল দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের রাজপথে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তাঁকে পুনরায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে আনা প্রয়োজন।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ২০২৬ সালের ২১ জানুয়ারি অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকেও।
পরবর্তীতে ১৭ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়। এ সিদ্ধান্তের পর টাঙ্গাইলেও ফরহাদ ইকবালকে দলীয় পদে ফিরিয়ে আনার দাবি ও আলোচনা নতুন করে সামনে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন