প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার জন্য, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি নিয়ে স্থানীয়রা রেলপথ অবরোধ করেছেন। তারা রেল কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রদান করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে আনসারবাড়ীয়া রেলস্টেশন চত্বরে আন্দোলনকারীরা এই কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অবরোধের সময় খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে আটকে রাখা হয়।
বিক্ষোভকারীরা জানান, চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রাচীন ও ব্যস্ততম এই স্টেশনটি দিয়ে জেলার বিপুলসংখ্যক মানুষ নিয়মিত যাতায়াত করে। স্থানীয় কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল দূরপাল্লায় পরিবহনেও স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকার কারণে পুরো স্টেশন কার্যত অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে যে ট্রেনটি এখানে থামে, সেটিও মূল প্ল্যাটফর্মের বদলে ২ নম্বর লাইনে দাঁড় করানো হয়। প্ল্যাটফর্ম না থাকায় নিচু স্থান থেকে উঁচুতে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।
আন্দোলনকারীদের ঘোষিত দাবিগুলো হলোÑ
আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু করে অন্তত দুজন স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল দ্রুত পদায়ন করা। আধুনিক প্ল্যাটফর্ম, যাত্রীছাউনি ও বিশ্রামাগারসহ স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহী রুটের আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি প্রদান করা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন বলেন, ‘স্টেশনটি পূর্ণাঙ্গ রূপ পেলে শুধু জীবননগর নয়, পার্শ্ববর্তী দামুড়হুদা, দর্শনা ও ঝিনাইদহের মহেশপুর অঞ্চলের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। উন্নত চিকিৎসার জন্য রাজধানী বা বিভাগীয় শহরে যাতায়াত সহজ হবে।’
কর্মসূচি শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে রেলপথ পুরোপুরি অচল করাসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন