প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। অভিযোগটি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন। এর আগে সোমবার, দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এম এ লতিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের প্রধান কার্যালয়। ২০২৫ সালের ৮ এপ্রিল থেকে এই অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা এবং ব্যবসার মূলধন, বিনিয়োগ, গাড়ি ক্রয় ও নগদ অর্থসহ অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা।
দুদকের অনুসন্ধানে তার সম্মানী, ব্যবসা থেকে আয়, ব্যাংক সুদ ও অন্যান্য উৎস মিলিয়ে ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার বৈধ আয়ের তথ্য পাওয়া গেছে। তবে পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এই হিসাবে তার অর্জিত সম্পদের সঙ্গে বৈধ আয়ের ব্যবধান ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা।
দুদকের অভিযোগ অনুযায়ী, এম এ লতিফ এই পরিমাণ সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এজাহারে আরও বলা হয়েছে, আবদুল লতিফ আয়কর নথিতে হর্টিকালচার ও কৃষি খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। তবে অনুসন্ধানের সময় ওই আয়ের পক্ষে কোনো প্রামাণ্য কাগজপত্র বা তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তিনি নিজেও এ-সংক্রান্ত গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ দিতে পারেননি। এ কারণে ওই আয়কে বৈধ আয় হিসেবে বিবেচনায় নেয়নি দুদক। এম এ লতিফের পরিবহন ও অন্যান্য ব্যবসার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি রিলায়েন্স লজিস্টিকসের মাধ্যমে পরিবহন ব্যবসা এবং রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা পরিচালনা করেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন