প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর লালবাগে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অটোরিকশার গ্যারেজে অভিযান পরিচালনা করে ডিপিডিসি ও লালবাগ ট্রাফিক বিভাগ ৮ থেকে ১০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত লালবাগ থানাধীন শহীদ নগর আধা গলি রোডসংলগ্ন ১ ও ২ নম্বর গলিসহ আশপাশের এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল রহমান, লালবাগ ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল কামরান তানভীর এবং লালবাগ ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহতাব হোসেনসহ লালবাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের খবর পাওয়ার পর অটোরিকশার গ্যারেজ মালিকরা অভিযান শুরু হওয়ার আগেই গ্যারেজ বন্ধ করে পালিয়ে যান। পরে সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে সেগুলো বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে ডিপিডিসি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও লালবাগ ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।
ডিপিডিসির আজিমপুরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর জানান, ঢাকা শহরে অবৈধ অটোরিকশার গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানের অংশ হিসেবে আজ লালবাগের শহীদ নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৮ থেকে ১০টি অবৈধ অটোরিকশার গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।
লালবাগ ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল কামরান তানভীর বলেন, পূর্বের ন্যায় চলমান অভিযানের অংশ হিসেবে আজ লালবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপিডিসি এবং লালবাগ ট্রাফিক বিভাগের পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন