প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূঁইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াড অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি (.303) রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে মজুত করা অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার কোনো অপরাধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও মাদক সেখানে মজুত করেছিল।
তিনি আরও জানান, অভিযানের সময় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন