প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার দায় শুধুমাত্র পুলিশের ওপর চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। পরিবারের পাশাপাশি সমাজেরও এই দায় রয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী মন্তব্য করেছেন, সন্তানদের নৈতিক ও পারিবারিক শিক্ষা দেওয়া, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করার মাধ্যমে কিশোর অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, অপরাধে জড়িয়ে পড়ার পেছনে সবার কারণ এক নয়। কিছু কিশোর জীবিকার তাগিদে অপরাধে জড়ায়, আবার কেউ মাদকের নেশায় আসক্ত হয়ে অপরাধপ্রবণ হয়ে ওঠে। এই সামাজিক ও পারিবারিক বাস্তবতা বিবেচনায় নিয়ে অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ এবং পুলিশকে একযোগে কাজ করতে হবে।
বগুড়ার জননিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মীর আশরাফ আলী বলেন, প্রায় ৪৫ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় কাজ করছেন মাত্র ২ হাজার ২০০ পুলিশ সদস্য। এত বিপুল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের একার পক্ষে কঠিন। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সুসম্পর্ক এবং তথ্যের আদান-প্রদান থাকলে অপরাধ, অনিয়ম ও সামাজিক অসংগতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের সমন্বয় জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং দায়িত্বশীল পুলিশিং একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সহায়ক।
সভায় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিবিআইয়ের পুলিশ সুপার মমিরুজ্জামান, সিআইডির পুলিশ সুপার মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএফইউজে নেতা মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক সবুর শাহ লোটাস, মমিন রশিদ সাইন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন