প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, "আমি মনে করি আজকের এই শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগ তারই একটি ধারাবাহিকতা।"
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, ডায়াবেটিস এখন শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, প্রতিটি পরিবারের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি আয়োজনের প্রয়োজন রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়ে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন। তিনি অংশগ্রহণকারী দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে প্রতিযোগিতা শেষ করেন। পরে তিনি অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসনের ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন