প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর বর্বরোচিত হামলার পেছনে স্থানীয় মাদক কারবারি চক্র ও তাদের রাজনৈতিক আশ্রয়দাতারা জড়িত।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার জামান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
জামায়াত আমির আরও জানান, মেজর আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজের খেলার মাঠে দীর্ঘদিন ধরে একটি মাদকসেবী ও কারবারিদের দল আড্ডা দিত এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। রানার পক্ষ থেকে সম্প্রতি ওই মাদকচক্রকে সেখানে উৎপাত না করতে সতর্ক ও ধমক দেওয়া হয়। সেই ক্ষোভ থেকেই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা কোনো কথা না বলেই তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারীরা সরাসরি কোনো দলের নেতাকর্মী নয়, তবে তারা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। তিনি ইঙ্গিত করে বলেন, ‘এই সময় তারা কার কাছে আশ্রয় পেতে পারে, এটা তো বুঝতেই পারছেন। আমার এটা নতুন করে বলার প্রয়োজন নেই।’
তিনি অভিযোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপির ছেলের ওপর এমন প্রাণঘাতী হামলা হওয়ার পরও থানায় সুনির্দিষ্ট মামলা গ্রহণে রহস্যজনক টালবাহানা করা হচ্ছে। এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রেঞ্জ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি। ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, ‘প্রশাসন আসলে কার পক্ষে? দুষ্টের পক্ষে, নাকি শিষ্টের পক্ষে?’ তিনি অবিলম্বে হামলাকারী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান অভিযোগ করেন, হামলাকারী হিসেবে সুনির্দিষ্ট ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হলেও থানার ওসি তা অজ্ঞাতনামা করার জন্য চাপ দিচ্ছেন। এটিকে আইনের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ বলে তিনি অভিহিত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন