প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটি সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি আল-আমিন সোসাইটির পরিচালনা পর্ষদ বহাল রাখার দাবিতে অভিভাবকরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে।
অভিভাবকরা মানববন্ধনে বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনার ফলস্বরূপ প্রতিষ্ঠানটি চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই তারা সোসাইটির গঠিত পরিচালনা পর্ষদ বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানান।
মানববন্ধনের পর অভিভাবক মহলের পক্ষ থেকে কর্মসূচির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান সহ অন্যান্যরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আল-আমিন সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও কল্যাণমুখী কর্মসূচির কারণে চাঁদপুরবাসী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে।
অভিভাবকরা দাবি করেন, আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন দিতে হবে। একই সঙ্গে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনায় ‘অযাচিত সরকারি-বেসরকারি হস্তক্ষেপ’ বন্ধ করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং অভিভাবক ফরিদা ও ফারুল বেগম।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, ১৯৭৭ সালে আল-আমিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রায় ৫০ বছর ধরে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও বিভিন্ন সময়ে এর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ২০১৯ সালে তৎকালীন সরকারের হস্তক্ষেপে সোসাইটির কর্তৃক গঠিত পরিচালনা কমিটি বাতিল করা হয়। পরবর্তী সময়ে সোসাইটি আবারও পরিচালনায় আসে। গত দুই বছরে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করেছে দাবি করে তিনি বলেন, সর্বশেষ এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শাহজাহান খান আরও বলেন, ‘অবৈধ দখল’ থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারের পর আবারও একই ইস্যুতে সোসাইটি কর্তৃক পরিচালনা পর্ষদ বাতিল করে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে। অথচ সোসাইটি কর্তৃক গঠিত কমিটির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে।
তিনি বলেন, চাঁদপুর তথা দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ তারা চান না। সরকার, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা না করে যারা এমন উদ্যোগ নিচ্ছেন, তারা চাইলে নিজেদের উদ্যোগে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। একই সঙ্গে আল-আমিন একাডেমির শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অতীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর এর ফলাফল ও সার্বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছিল বলে তারা মনে করেন। এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়েছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আল-আমিন একাডেমি নিয়ে সব ধরনের ‘ষড়যন্ত্র’ বন্ধের দাবি জানান তারা।
অভিভাবকরা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন