প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলনিয়া গ্রামে ১০ বছর বয়সী শিশু মোছা. কামরুন্নাহার কলি হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুলনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে কামরুন্নাহার কলি নিখোঁজ হয়। পরে ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে ইটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
তদন্তে বেরিয়ে আসে, ঘটনার দিন আসামি মোস্তফা ও ইয়াসিন কৌশলে শিশুটিকে মোস্তফার মুদি দোকানের পেছনের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের পর পরিচয় ফাঁসের ভয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় ভরে প্রথমে ঘরের খাটের নিচে রাখা হয়। পরদিন রাতে বস্তাটি আরেকটি সাদা বস্তায় ইটসহ বেঁধে বাড়ির পাশের পরিত্যক্ত ডোবায় ডুবিয়ে রাখা হয়।
এদিকে, এলাকাবাসীর মানববন্ধন ও বাড়ি তল্লাশির ঘোষণার পর আসামিরা লাশ সরানোর চেষ্টা করে। তবে দুর্গন্ধ ও আশপাশে কুকুরের ডাকে আতঙ্কিত হয়ে তারা বস্তাবন্দি মরদেহটি সেফটি ট্যাংকের পাশে ফেলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, তদন্তে গ্রেফতারকৃত মোস্তফার মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত পাওয়া গেছে। ঘটনার দিন সকালে সে শিশুটির ছবি গোপনে ধারণ করে পরে মুছে ফেললেও সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। যা তার অপরাধের পূর্বপরিকল্পনা ও উদ্দেশ্যের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোঃ মোস্তফা কামাল (৫৫), গ্রাম কুলনিয়া, দোগাছী, পাবনা এবং মোঃ ইয়াছিন আলী (২১), স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ হলেও বর্তমানে কুলনিয়ায় বসবাসরত।
পাবনা জেলা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। একই সঙ্গে মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এর দায়িত্ব জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর কাছে ন্যস্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানানো হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন