প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহাদাত হোসেন দিপু দলের জন্য লড়াইয়ের পুঁজি তৈরি করতে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের এক প্রান্ত আগলে রেখেছিলেন। কিন্তু বাংলাদেশ 'এ' দলকে ফাইনালে পৌঁছানোর জন্য সেই পুঁজি যথেষ্ট ছিল না। বল হাতে রিপন মন্ডল শুরুতে ভালো করলেও চাপ বজায় রাখতে না পারায় ম্যাচটি বাংলাদেশের হাত থেকে চলে যায়। ফলে সেমিফাইনালে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের বিদায় ঘটে।
শুক্রবার বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে।
ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ 'এ' দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩২ রান করে। জবাব দিতে নেমে হাসান নেওয়াজ ও ফারহান ইউসুফদের ব্যাটে পাকিস্তান ২৮ বল বাকি থাকতেই ২৩৩ রানের লক্ষ্য পূরণ করে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 'এ' দল প্রথম ১৪ রানে সাইফ হাসান এবং ১৫ রানে মাহমুদুল হাসান জয়কে হারায়। জাতীয় দলের অভিজ্ঞ দুই ব্যাটার সাইফ হাসান এবং মাহমুদুল হাসান জয়- কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
সাইফ ২ রান করে অধিনায়ক আলী রাজার আউট হওয়ার আগে। রাজা নিজের পরের ওভারে মাহমুদুল হাসান জয়কেও বোল্ড করেন, তিনি করেন ৯ রান।
দুই উইকেট হারানোর পর শাহাদাত হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন হাল ধরেন। তারা তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। এই জুটির মাধ্যমে বাংলাদেশ দলীয় ১০০ রান পার করে। তবে রান তোলার গতি ছিল খুব ধীর।
২৮তম ওভারের প্রথম বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন সুফিয়ান মুকিম। ধীরগতির ইনিংসে ৭৮ বল খেলে ৪২ রান করেন মাহিদুল।
পরবর্তী ব্যাটার আফিফ হোসেনকে দ্রুত ফেরান সুফিয়ান। বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলিটা ধরতে না পেরে আফিফ বোল্ড হন। একই ওভারে সাব্বির রহমানকেও ফেরান সুফিয়ান। সাব্বির কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। বাংলাদেশ ১১৮ রানে ৫ উইকেট হারায়।
একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে অটল ছিলেন শাহাদাত। ষষ্ঠ উইকেটে এসএম মেহরবকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন।
মেহরব আর শাহাদাতের জুটি যখন বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল, তখনই সাজঘরের পথ ধরেন মেহরব। দলীয় ১৭০ রানে মেহরবকে আব্দুল সামাদের ক্যাচ বানান হাসান নেওয়াজ। ডানহাতি এই স্পিনার একই ওভারে মোহাম্মদ রুবেলকেও আউট করেন।
১৭০ রানে ৭ উইকেট হারানোর পর শাহাদাত রকিবুল হাসানকে নিয়ে ২২ এবং রিপন মন্ডলকে নিয়ে রান জুটি গড়েন। ১১৭ বলে তিনি লিস্ট 'এ' ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। ৩ ছক্কা ও ৭ চারে ১১৮ বলে ১০৩ রান করে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
শাহাদাতের ব্যাটেই বাংলাদেশ ২৩২ রানের পুঁজি পায়। রিপন মন্ডল ১২ বলে ১৯ রান করেন।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান। হাসান নেওয়াজ এবং আলী রাজা দুটো করে উইকেট পেয়েছেন।
মাঝারি পুঁজি নিয়ে বল হাতে শুরুতে লড়াইয়ের আভাস দেন রিপন। চতুর্থ ওভারে চার বলের মধ্যে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফিরিয়ে দেন তিনি। বাংলাদেশের মতোই তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন নেওয়াজ ও শাহজাইব খান। তারা ১৬৪ বলে ১১০ রানের জুটি গড়েন।
রুবেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে নেওয়াজ ৬২ রান করেন। ফিফটি করে বদলি নামা চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের দারুণ ক্যাচে ফেরেন শাহজাইব।
থিতু হওয়া দুই ব্যাটারকে ফিরিয়ে কিছুটা আশা জাগায় বাংলাদেশ। কিন্তু সেটি হাওয়ায় মিলিয়ে দেন আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ। দুজনের ৫৬ বলে ৭৪ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তারা।
শেষ পর্যন্ত ইউসুফ আর আউট হননি। ৪ চার ও ২ ছক্কায় তিনি ৩৮ বলে ৪৬ রান করেন। অধিনায়ক সামাদ ২ চার ও ৪ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করে দলকে জয়ের খুব কাছে রেখে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ২৩২/৮ (জয় ৯, সাইফ ২, শাহাদাত ১০৩*, অঙ্কন ৪২, আফিফ ৫, সাব্বির ০, মেহেরব ২৮, রুবেল ০, রকিবুল ১০, রিপন ১৯*; রাজা ২/৪০, সুফিয়ান ৩/২৯, দানিয়াল ১/৫১, নেওয়াজ ২/৩০)
পাকিস্তান ‘এ’: ২৩৩/৫ (শামিল ১৪, সাদাকাত ৬, শাহজাইব ৫০, নাওয়াজ ৬২, সামাদ ৪৪, ইউসুফ ৪৬*, রোহাইল ২*; রুবেল ১/৩৩, রিপন ২/৫২, রকিবুল ২/৫৮, মেহেরব)
ফল: পাকিস্তান ‘এ’ দল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাসান নেওয়াজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন