প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং অপারেশনাল সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় নতুন দুটি টেম্পোরারি অপারেশনাল বেস (টিওবি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার সকালে ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত টিওবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সঙ্গে কৌশলগত বিষয়ে আলোচনা করেন এবং সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
বিজিবি সূত্র জানাচ্ছে, দুর্গম সীমান্ত এলাকায় নতুন দুটি টিওবি স্থাপনের ফলে সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার ও কার্যকর হবে। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এই টিওবি দুটি কার্যকর ভূমিকা রাখবে বলে বিজিবি জানিয়েছে।
উদ্বোধনী বক্তব্যে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন উল্লেখ করেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। দুর্গম সীমান্ত এলাকায় যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এই নতুন টিওবিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এটি উল্লেখযোগ্য যে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকা ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম ও স্পর্শকাতর। সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবের কারণে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির স্থায়ী ও অস্থায়ী নজরদারি ব্যবস্থা জোরদারের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য সামরিক কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন