প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান বরাবরই পর্দায় একটি বিশেষ আবহ তৈরি করেন। এবার দক্ষিণী সিনেমায় তার দাপুটে উপস্থিতি নিয়ে চমক দিতে প্রস্তুত তিনি। রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে তাকে দেখা যাবে। ইতিমধ্যে চরিত্রটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা যাচ্ছে নীল শাড়িতে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি। এরপর উত্তেজনাপূর্ণ একটি মুখোমুখি দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তার অভিব্যক্তি, পোশাক এবং রহস্যময় উপস্থিতি মুহূর্তেই দর্শকদের নজর কেড়েছে।
বিদ্যার নতুন লুক প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। একজন ভক্ত তার লুকের প্রশংসা করে লিখেছেন, ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ এবং বুকে ট্যাটু—সব মিলিয়ে বিদ্যা যেন চরিত্রটিতে নতুন মাত্রা যোগ করেছেন।
আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’। অর্থাৎ ছবিতে নজর রাখার মতো অন্যতম চরিত্র হতে চলেছেন বিদ্যা। ওই দর্শকের মতে, যেকোনো চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই অভিনেত্রীর।
আরেক ভক্ত লিখেছেন, ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালানকে দেখে মনে হচ্ছে, তিনি যে ফ্রেমেই থাকবেন, সেটিই নিজের করে নেবেন। অভিনেত্রীর উপস্থিতি এবং পর্দায় দাপট নিয়ে ভক্তদের মন্তব্যে এমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
তবে শুধু বিদ্যার লুকই নয়, তার চরিত্র নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। রজনীকান্তের সঙ্গে তাকে কিভাবে উপস্থাপন করা হবে, পর্দায় দুই তারকার মুখোমুখি দৃশ্য কতটা জমবে—এসব নিয়েও আলোচনা চলছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু এবং মির্না। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত সিনেমাটির আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমাটি ঘিরে রজনীকান্তের ভক্তদের আগ্রহের পাশাপাশি বিদ্যার নতুন অবতারও যে বাড়তি কৌতূহল তৈরি করেছে, তা স্পষ্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন