প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সয়াবিন তেলের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে এ মূল্যবৃদ্ধি আটকে রাখা হয়েছে। তিনি আরও জানান, রমজান মাসের প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়। সোর্সে যে মূল্য থাকে, সেটি যদি কমে, তাহলে আমাদের এখানে তার প্রভাব পড়বে। উৎসে মূল্য বৃদ্ধি পেলে সেটার প্রভাব আমাদের বাজারে পড়বে।
মন্ত্রী বলেন, “যে ফর্মুলায় আমরা প্রাইসিং করি, সেই ফর্মুলা অনুযায়ী মূল্য আরও বেশি হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবেই হোক এ মূল্যেই আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রেখেছি। এক ধরনের জোর করেই তাদের রাজি করানো হয়েছে।”
তেলের দাম নির্ধারণের ফর্মুলা সম্পর্কে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকদের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহের সুযোগ রয়েছে।
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান উপলক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।
বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, এর দুটি দিক রয়েছে। প্রথমত, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখা।
গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “বিকাশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন। এটি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি পত্রিকায় দেখেছি, সেটা হলো—ওইখানে যেভাবে টাকা যাচ্ছে তাতে যথেষ্ট প্রশ্নের উদ্রেক হয়েছে! ওইটা স্বাভাবিক ফ্লো না। যেই কারণে ওইটার মধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকো চেয়ারম্যান আব্দুন নাসের খান, সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন