প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং সুধী সমাবেশে যোগ দিতে মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চা-শিল্পের এই জেলাতে দীর্ঘ কয়েক যুগ পর বইছে সাজ সাজ রব।
আগামীকাল বুধবার (১৭ জুন) তিনি মৌলভীবাজার সফর করবেন। এদিন সকালে প্রধানমন্ত্রী ঢাকার নিজ বাসভবন থেকে বের হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। এরপর সেখান থেকে সকাল সাড়ে নয়টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
এরপর প্রধানমন্ত্রীর সরকারের সফরসূচি অনুযায়ী সড়কপথে সরাসরি চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৫৬ জনের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এরপরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। একই দিনে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানেও যোগ দিতে আসবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণের মধ্যেও। ইতোমধ্যে সভাস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছে জেলা প্রশাসকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সভাস্থল ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিগত দুদিন ধরে দুটি উপজেলায় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আনন্দ মিছিল করছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দুটি সভাস্থল এবং আশপাশের এলাকায় জোর প্রস্তুতি চলছে। বৈরী আবহাওয়ার মধ্যেও গত কয়েকদিন ধরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে। তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির মঞ্চ। সেই সঙ্গে বালু ফেলে মাঠ কাদামুক্ত করাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনরাত প্রশাসনের লোকজনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও কাজ করছেন।
জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজারে আসছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজারের মানুষ তাকে বরণ করে নিতে আগ্রহী।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, সিলেট উন্নয়নের রূপকার মরহুম এম সাইফুর রহমানের পর এ জেলার আর কোনো উন্নয়ন হয়নি। জেলার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী এ জেলাকে ভালোবাসেন বলেই দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় এখানে আসছেন।'
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর এবং শমশেরনগর বিমানবন্দর চালুসহ স্থানীয় কিছু দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। একইভাবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীও স্থানীয় দাবিদাওয়া তুলে ধরার কথা জানিয়েছেন।
মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নিরাপত্তাকর্মীরা রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন