প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত তিনি শুনবেন না।
আজ শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা সারাদেশ ঘুরেছি এবং সবার দাবি একই। এবং তা হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ বলছে, আপনারা সরকারি ও বিরোধীদল হ্যাঁ ভোট দিতে বলেছেন; আমরা হ্যাঁ ভোটকে বিজয়ী করেছি। এখন আমরা সেটির বাস্তবায়ন দেখতে চাই।
তিনি অভিযোগ করেন যে, বিএনপি সরকার ফ্যাসিবাদের দিকে হাঁটছে। জামায়াত আমির জনগণের উদ্দেশে বলেন, হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তবে আপনাদেরও জনগণ তাড়াবে।
জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। বিরোধীদলীয় নেতা জানান, ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। তিনি উল্লেখ করেন, গণভোটের রায়কে অপমান করতে দেবেন না। সরকারি পদক্ষেপ গ্রহণ হলেই তাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তাঁরা চান না।
জামায়াত আমির বলেন, দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য হচ্ছি যে, আজ যারা সরকারে আছেন, তারাও মজলুম ছিলেন। অথচ তারাই আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজে সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা এর বিরুদ্ধে কিছুতেই মানবো না।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. শফিকুর বলেন, এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা শহীদদের, জুলাইযোদ্ধাদের এবং ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করবো না।
ঢাকার সমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সকলের অংশগ্রহণ করতে হবে।
স্থানীয়দের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় এই নেতা বলেন, সিলেট ওসমানী বিমানবন্দর এখনও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয়নি। সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানান। একই সঙ্গে তিনি তার দল ক্ষমতায় গেলে এসব দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ।
আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন