প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এই সমস্যার বাইরে নয়। গত এক দশকে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৪৬ লাখ বা ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৪৯ শতাংশ এখনও শনাক্ত হয়নি। অন্যদিকে, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে প্রায় ৮২ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, যা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) কর্তৃক জানানো হয়েছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৫৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগের প্রায় ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য। তবে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ২০৫০ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮৫ কোটিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে, যেখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন।
বর্তমানে বাংলাদেশে এক কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক নারী। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা অনুযায়ী বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। উদ্বেগের বিষয় হলো, দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে অর্ধেক জানেন না যে তারা এই রোগে ভুগছেন। ফলে তারা অজান্তেই নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। সময়মতো রোগ শনাক্ত না হওয়া এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে, এমনটি মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক শ্রমের অভাব, অতিরিক্ত স্থূলতা, ধূমপান, অপরিকল্পিত নগরায়ণ এবং প্রযুক্তিনির্ভর জীবনযাপন এই রোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাই সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে এ রোগের কারণে সৃষ্ট নানা জটিলতাও অনেকাংশে প্রতিরোধ করা যায়।
ডায়াবেটিসের কারণে শুধু স্বাস্থ্যঝুঁকি বাড়ছে না, চিকিৎসার ব্যয়ও বাড়ছে। নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, ইনসুলিন ও ওষুধের খরচ জোগাতে অনেক রোগী হিমশিম খাচ্ছেন। দীর্ঘমেয়াদি এই রোগের চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। অনেকে অর্থাভাবে নিয়মিত ওষুধ খেতে না পারায় অকালেই মারা যাচ্ছেন।
বাডাসের তথ্যমতে, দেশে ২০১৩-১৪ সালে রেজিস্ট্রেশন করা ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ২৬ লাখ ১২ হাজার। ২০১৪-১৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ লাখ ৬১ হাজারে। ২০১৫-১৬ সালে ৩৫ লাখ ১০ হাজার এবং ২০১৬-১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৯ লাখ ৭৯ হাজারে। ২০১৭-১৮ সালে আক্রান্ত রোগী ছিল ৪৪ লাখ ৮৫ হাজার, ২০১৮-১৯ সালে ৪৯ লাখ ৭১ হাজার, ২০১৯-২০ সালে ৫২ লাখ ৭৬ হাজার, ২০২০-২১ সালে ৫৬ লাখ ২৬ হাজার, ২০২১-২২ সালে ৫৯ লাখ ২৯ হাজার, ২০২২-২৩ সালে ৬২ লাখ ৫৩ হাজার, ২০২৩-২৪ সালে ৬৫ লাখ ৫৩ হাজার, ২০২৪-২৫ সালে ৬৯ লাখ ৩৭ হাজার এবং ২০২৫-২৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭২ লাখে। অর্থাৎ ১২ বছরে রেজিস্ট্রেশন করা রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৪৬ লাখ। আবার মোট রোগীর মধ্যে শনাক্তের বাইরে রয়েছে ৬৮ লাখ রোগী।
প্রায় সাত লাখ টাইপ-১ আক্রান্ত
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাডাস জানায়, দেশে দুই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত মানুষের মধ্যে ৬ লাখ ৯৫ হাজার (৫ শতাংশ) টাইপ-১ আক্রান্ত। তাদের প্রতিদিনই ইনসুলিনের ওপর নির্ভর করতে হয়। আর টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত আনুমানিক এক কোটি ৩২ লাখ মানুষ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৫ জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের ৬৫ শতাংশই পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ও গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্য বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক এবং প্রাণঘাতী ঝুঁকি থাকে।
চিকিৎসার লাগামহীন ব্যয়ের চাপে নিঃস্ব মানুষ
ডায়াবেটিসে আক্রান্ত একাধিক রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসার লাগামহীন ব্যয়ে অনেক পরিবারে চরম বিপর্যয় নেমে আসছে। এর মধ্যে অনেক পরিবার সঞ্চয় হারাচ্ছে, জমিজমা বিক্রি করছে, ঋণগ্রস্ত হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হলে সংকট আরো গভীর হচ্ছে।
রাজধানীর বারডেম হাসপাতালে কেরানীগঞ্জ থেকে আসা দম্পতি নূর হোসেন ও হেলেনা বেগমের সঙ্গে কথা হয়। প্রতিদিন চারবার ইনসুলিন নিতে হয় এই দম্পতিকে। নূর হোসেন আমার দেশকে বলেন, "আমি ১৫ বছর ধরে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত। নিয়মিত ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন, লিনাগ্লিটিন, গ্লিনটা এবং ইনসুলিন হুমালগ মিক্স নিতে হয়। পাঁচ বছর আগে যেখানে মাসে খরচ হতো ৩,০০০ টাকা, সেখানে বর্তমানে ওষুধপত্র, ডাক্তার দেখানো এবং আসা-যাওয়াসহ দুজনের খরচ হচ্ছে কমপক্ষে ১৫ হাজার টাকা।"
হেলেনা বেগম বলেন, "চিকিৎসায় খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছি। এখন টাকার ব্যবস্থা করতে পারলে ওষুধ কিনি, না থাকলে ওষুধ খাওয়া ছেড়ে দিই। এতে শরীর দিন দিন আরো খারাপ হচ্ছে এবং অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।"
মানসম্মত চিকিৎসা নিশ্চিতে গুরুত্ব
নীরব ঘাতক অসংক্রামক রোগ ডায়াবেটিসের প্রভাবে শরীরে দেখা দিতে পারে নানা জটিলতা। এ অবস্থায় রোগ প্রতিরোধ এবং সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক এবং ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, "ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দুই কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের বড় অংশ এখনো জানেন না যে, তারা ডায়াবেটিসে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চিকিৎসা নিলে ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণে রাখা যায়।"
বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান আমার দেশকে বলেন, "ডায়াবেটিস ক্রমবর্ধমান স্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। প্রাথমিক অবস্থায় এ রোগের লক্ষণ প্রকাশ পায় না। ফলে ৬০-৭০ শতাংশ মানুষের রোগ নির্ণয়ের বাইরে থাকে। দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বাস্তব চিত্র আরো ভয়াবহ বলে মন্তব্য করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।"
ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক একে আজাদ খান আমার দেশকে বলেন, "ডায়াবেটিস সারা জীবনের রোগ। বর্তমানে উন্নত বিশ্বের চেয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেই বেশি বাড়ছে। যাকে মহামারি হিসেবে অনেক আগেই চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন। আগে বয়সভিত্তিক রোগ হিসেবে ধরা হতো, এখন কিশোর-যুবকরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে শহর ও গ্রামে প্রায় সমানভাবে ডায়াবেটিসের রোগী বাড়ছে। জীবনধারা পরিবর্তন করলে ডায়াবেটিসজনিত জটিলতা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন