প্রিন্ট এর তারিখঃ ১৯ই নভেম্বর, ২০২৬ইং; ০২:৪৯ এম || প্রকাশের তারিখঃ ১৮ই নভেম্বর, ২০২৬ইং; ০৮:১৫ পি.এম
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে র্যাগিং-চাঁদাবাজির তথ্য চেয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বান
নিষিদ্ধ ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে বাকৃবি ছাত্রদল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র্যাগিং ও শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতাকর্মী ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র্যাগিং ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তথ্য-প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কারও কাছে তথ্য বা প্রমাণ থাকলে তা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কাছে সরবরাহ করতে হবে। প্রাপ্ত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে, তারা প্রতিহিংসা কিংবা হয়রানির রাজনীতিতে বিশ্বাসী নয়। তবে অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তি বা পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।
তথ্য-প্রমাণ সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"