প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের নিকটবর্তী একটি বক্সিং ইভেন্টের বাইরে গাড়ি থেকে গুলি চালানোর ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণীসহ চারজন আহত হয়েছেন। তরুণীটির মাথা ও ঘাড়ে গুলি লেগেছে। অস্ত্রোপচারের পর তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি।
রোববার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত ৮টা ১৮ মিনিটের দিকে ব্রিসবেনের দক্ষিণে লোগানহোম এলাকায় ফিটজিস নামের একটি প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। সেখানে বক্সিং প্রতিযোগিতা দেখতে আসা লোকজন যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে জড়ো হয়েছিলেন। এ সময় একটি মিতসুবিশি গাড়ি সেখানে এসে থামে।
কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা পরিদর্শক ইয়ান গ্যালপিন জানিয়েছেন, গাড়িটির সামনের জানালা দিয়ে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তাদের মুখে বালাক্লাভা ও হাতে গ্লাভস ছিল বলে পুলিশের ধারণা। গুলির ফলে চারজন আহত হন।
আহত ১৯ বছর বয়সী তরুণী জিমবুম্বার বাসিন্দা। এছাড়া ব্রাউনস প্লেইন্সের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি পেটে ও হাতে, স্যালিসবারির ৩৭ বছর বয়সী আরেক ব্যক্তি পেটে এবং কর্নুবিয়ার ২৭ বছর বয়সী এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হন। বাকি তিনজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গুলির ঘটনার পর মিতসুবিশি গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়াটারফোর্ড ওয়েস্টের ম্যালোনি রোডে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই এলাকাটিকে অপরাধস্থল ঘোষণা করেছে। পরে অন্য একটি গাড়িতে করে মিতসুবিশির আরোহীরা সেখান থেকে চলে যান।
গ্যালপিন বলেন, গাড়িটির আরোহীদের মধ্যে কেউ এ ঘটনায় আহত বা আগুনে পুড়ে গিয়ে থাকতে পারেন। তবে ঘটনার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বলার সময় এখনও আসেনি।
তিনি আরও বলেন, এটি একটি জনসমাগমস্থলে ভয়াবহ ঘটনা। সেখানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও একটি ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
লোগানের মেয়র জন রেভেন এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন। রোববার সকালে টুডে শোকে তিনি বলেন, এমন ঘটনা লোগানে আগে দেখা যায়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি জানান, বক্সিং প্রতিযোগিতাটি ছিল পরিবারবান্ধব একটি আয়োজন। সেখানে অনেক শিশুও উপস্থিত ছিল। এ ঘটনার প্রভাব তাদের জীবনে দীর্ঘদিন থেকে যেতে পারে।
কুইন্সল্যান্ড পুলিশের উপপ্রধান ক্রিস স্ট্রিম ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। আয়োজকরা তরুণদের সহিংসতা থেকে দূরে রাখতে বক্সিংকে ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহার করছিলেন বলে মেয়র রেভেন জানান।
‘লোগান সিটি টাইটেলস’ নামে আয়োজক সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তারা মর্মাহত। স্থানীয় প্রতিভা, কঠোর পরিশ্রম ও ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার জন্য পারিবারিক পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। বক্সিং কিংবা বৃহত্তর সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।
ঘটনায় জড়িত ব্যক্তিরা এখনও পলাতক। তবে এ মুহূর্তে সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি রয়েছে বলে মনে করছে না পুলিশ। ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন