প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে পুকুরে টেঁটা দিয়ে মাছ শিকার করার প্রতিবাদ করায় ১৭ বছর বয়সী সাকিবুল হাসানকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এ সময় বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। বর্তমানে সে মাথায় গুরুতর আঘাত নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাকিবুলের মা ফিরোজা বেগম ২৭ অক্টোবর মঠবাড়িয়া থানায় একই এলাকার খলিল মৃধা ও অজ্ঞাতপরিচয় আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে আট দিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আহত কিশোরের মা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্র ও মামলার তথ্যে জানা যায়, ২৫ অক্টোবর দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার টিকিকাটা গ্রামের বেলায়েত নাজিরের বাড়ির পেছনের পুকুরে মাছ শিকার করতে যান খলিল মৃধা। বিষয়টি জানার পর সাকিবুল প্রতিবাদ করতে বাইরে আসেন। এ সময় খলিল টেঁটা দিয়ে সাকিবুলকে আঘাত করার চেষ্টা করেন। সাকিবুল দুই হাত দিয়ে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করলে খলিল টেঁটা ফেলে বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে খলিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সাকিবুল মাথা থেকে রক্ত ঝরতে থাকলেও খলিলকে ধাওয়া করেন। একপর্যায়ে প্রধান সড়কের পাশে একটি মসজিদের কাছে গিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফিরোজা বেগম অভিযোগ করেন, ঘটনার মূল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে খলিল মৃধা ২৫ অক্টোবরের একটি মারামারির ঘটনা উল্লেখ করে ২৮ অক্টোবর আদালতে পাল্টা মামলা করেছেন। তিনি ২ নভেম্বর মানববন্ধনও করেছেন। তাদের দাবি, খলিলের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পরও তাকে গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন