প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং মধ্যপ্রদেশের খারগোন-বারওয়ানি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য গজেন্দ্র সিং প্যাটেল হিন্দু যুবক-যুবতীদের দ্রুত বিয়ের জন্য আহ্বান জানিয়ে প্রতিটি পরিবারে অন্তত পাঁচটি সন্তান নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। গত ২ অক্টোবর গভীর রাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্যাটেল উল্লেখ করেন, বর্তমানে প্রতি চারজন নবজাতকের মধ্যে মাত্র একজন হিন্দু সম্প্রদায়ের, আর বাকি তিনজন আসছে ‘অন্যসম্প্রদায়’ থেকে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত মুসলিম সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি দুই সম্প্রদায়ের জন্মহারের পার্থক্যের কথা উল্লেখ করে দাবি করেন, একটি সম্প্রদায়ের জন্মহার ১.৯ শতাংশ, অন্যটির ২.৯ শতাংশ। প্যাটেল বলেন, স্বাধীনতার পর থেকে জনমিতির (ডিমোগ্রাফি) এই ভারসাম্য পরিবর্তিত হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৬৭ সালের মধ্যে সাধারণত একেকটি পরিবারে চার থেকে সাতটি সন্তান থাকত এবং মানুষ কুড়ি বছর বয়সে বিয়ে করত। কিন্তু বর্তমানে ৩০ বছর বা তারও পরে বিয়ে হচ্ছে এবং সন্তান সংখ্যা একটিতেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। এর ফলে সনাতনীদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে, যা ২০১১ সালের আদমশুমারিতেও প্রতিফলিত হয়েছে।
“(হিন্দু) তরুণদের দ্রুত বিয়ে করা উচিত এবং প্রত্যেকের পাঁচটি করে সন্তান নেওয়া উচিত,” জোর দিয়ে বলেন প্যাটেল। তিনি নিজেকে একজন 'সনাতনী' হিসেবে উল্লেখ করে বলেন যে তিনি এই কথা বলার ক্ষেত্রে কোনো দ্বিধা রাখছেন না। ভক্তি ও প্রার্থনার পাশাপাশি জিম এবং ঐতিহ্যবাহী কুস্তির আখড়ায় শারীরিক শক্তি অর্জন এবং অস্ত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্বারোপ করেন এই বিজেপি সাংসদ।
প্যাটেলের দাবি, যেকোনো বিপদের সময় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সনাতনীরা সবসময় একে অপরের পাশে দাঁড়াবে। যুবসমাজের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা মাদকের ব্যবহার এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা দেন তিনি।
ডিজে সংস্কৃতি, ড্রাগস (মাদক) এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নিজের ‘থ্রি-ডি’ অভিযানের কথা তুলে ধরে তিনি বলেন, ডিজে অনুষ্ঠানে নাচ গান করা তরুণদের প্রায় সকলেই সনাতনী এবং তাদের প্রায় ৬০ শতাংশই কোনো না কোনো নেশায় আসক্ত। এই সামাজিক অবক্ষয় রুখে দিয়ে পারিবারিক কাঠামো শক্তিশালী করার জন্য সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন