প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের দাতব্য সংস্থা নিয়ন্ত্রক কমিশন (চ্যারিটি কমিশন) কর্তৃক আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পর আইনি পরামর্শ গ্রহণ করছে লন্ডনের একটি ইসলামিক সেন্টার। ‘উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী’ খুতবা (বক্তব্য) প্রচারের অভিযোগে দক্ষিণ-পূর্ব লন্ডনের ‘লুইশাম ইসলামিক সেন্টার’-কে তাদের অনুষ্ঠানের পরিচালনা ও বক্তা নির্বাচন বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর মসজিদটিতে দেওয়া এক খুতবায় ইমাম শাকিল বেগ "নিপীড়ক এবং জায়নবাদীদের হাতে সাধারণ মানুষের দুর্ভোগের" বিষয়টি তুলে ধরেন। ওই বক্তব্যে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পপ তারকা জাস্টিন বিবার এবং মডেল কাইলি জেনারের মতো তারকাদের ‘অসুস্থ’ (sick) বলেও মন্তব্য করেন।
এছাড়া, ২০২৪ সালের আগস্টে যুক্তরাজ্যের সাউথপোর্টে ঘটে যাওয়া দাঙ্গার প্রসঙ্গ টেনে মসজিদটির আরেক ইমাম আশরাফ দাবুস তার খুতবায় দাঙ্গাকারীদের নেপথ্যে ‘জায়নবাদী ও ইসরায়েল সমর্থকদের হাত রয়েছে’ বলে মন্তব্য করেন এবং ‘জায়নবাদী এজেন্ডার’ কথা উল্লেখ করেন।
সাম্প্রতিক বছরগুলোতে মসজিদটির এসব খুতবা নিয়ে অভিযোগ ওঠার পর তদন্তে নামে চ্যারিটি কমিশন। তদন্ত শেষে কমিশন জানায়, প্রতিষ্ঠানটিতে ‘অসদাচরণ ও অব্যবস্থাপনার’ প্রমাণ পাওয়া গেছে। কমিশনের ভাষ্যমতে, দাতব্য প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী এবং উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী দুটি খুতবা আয়োজনের মাধ্যমে তারা ‘বিশ্বাসভঙ্গ’ করেছে। তবে কমিশন নির্দিষ্টভাবে উল্লেখ করেনি, ঠিক কোন মন্তব্যগুলোর কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। সুপারিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এদিকে, চ্যারিটি কমিশনের এই পদক্ষেপের বিপরীতে লুইশাম ইসলামিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী করণীয় ঠিক করতে তারা আইনি পরামর্শ নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, "বিষয়টি কেবল একটি মসজিদ বা একটি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন—মুসলিম প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, ইসলামের প্রচলিত ইবাদত পরিচালনা কিংবা ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধাপরাধ ও গণহত্যার নিন্দা জানানোর মতো বিষয়গুলো নিয়ে কথা বললে তাদের শাস্তির মুখে পড়তে হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। নিপীড়িতদের প্রতি সংহতি প্রকাশ কোনোভাবেই দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কারণ হতে পারে না।"
বিবৃতিতে আরও বলা হয়, "যদি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় একটি কর্তৃত্বপরায়ণ কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ জানাতে আমরা অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানাব।"
লুইশাম ইসলামিক সেন্টার তাদের ওয়েবসাইটে নিজেদের এমন একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়, যারা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠনে কাজ করে। সূত্র: স্কাই নিউজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন