প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার জন্য ২২২৭ কোটি ডলারের প্রস্তাবে নীতিগত অনুমোদন প্রদান করেছে। সোমবার (২৬ অক্টোবর) ২ লাখ ১২ হাজার কোটি রুপি বা প্রায় ২২ দশমিক ২৭ বিলিয়ন ডলারের এই প্রস্তাব অনুমোদিত হয়। এ তথ্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। খবর রয়টার্স।
অনুমোদিত সরঞ্জামের মধ্যে রয়েছে অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, নজরদারি ও আঘাত হানার সরঞ্জাম এবং দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য বিভিন্ন ধরনের আধুনিক সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
ভারতের সেনাবাহিনীর জন্য উচ্চ গতিশীলতার যান (হাই মোবিলিটি ভেহিকল), স্বচালিত ট্র্যাকড গান সিস্টেম, গোলাগুলির উৎস শনাক্তকরণ ব্যবস্থা এবং হালকা বহুমুখী হেলিকপ্টার কেনার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এসব সরঞ্জাম সেনাদের চলাচল, রসদ পরিবহন, গোলাবর্ষণ এবং শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার কাজে ব্যবহৃত হবে।
এছাড়া সেনাবাহিনীর জন্য সমন্বিত নজরদারি ও আঘাত হানার ব্যবস্থা, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং দূরপাল্লার কামিকাজে ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে। কামিকাজে ড্রোন হলো একটি আত্মঘাতী ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় নিজেই ধ্বংস হয়ে যায়।
নৌবাহিনীর জন্য জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজকে সুরক্ষা দিতে অ্যাকটিভ অফবোর্ড ডিকয় সিস্টেম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক নৌযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে, বিমানবাহিনীর জন্য হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং বিভিন্ন ধরনের অস্ত্র কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। পাশাপাশি আবহাওয়ার তথ্য সংগ্রহ ও নজরদারির সক্ষমতা বাড়াতে মোবাইল এক্স-ব্যান্ড ডপলার আবহাওয়া রাডার কেনার প্রস্তাবও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন