প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ২৬ অক্টোবর, ২০২৬ : জেলার ফুলবাড়ী সীমান্তে বিজিবির একটি অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার ২৪০ টাকা বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরে দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ জামান কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, আজ সোমবার বেলা ১১ টায় কিছু মাদক কারবারি জেলার সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। এ সময় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে। মাদক কারবারিরা বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে তাদের মাদকদ্রব্যের পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বাসসকে জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন