প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। খবরটি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উল্লেখ করেন, প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে এই হাসপাতালগুলো স্থাপনের কাজ শুরু হবে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সারাদেশের খোঁজ রাখেন।
তিনি আরও বলেন, ‘এই সেক্টরকে এগিয়ে নিতে করণীয় ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেব।’ তিনি জানান যে, বর্তমানে ভেটেরিনারি হাসপাতালগুলো আটকে আছে মূলত ঢাকাকেন্দ্রিক। দেশের বিভিন্ন অঞ্চলের প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন মাথায় রেখে প্রত্যেক বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপন করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
ভেটেরিনারি পেশার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, একসময় ভেটেরিনারিয়ানদের মানুষ তেমন গুরুত্ব দিত না, তবে এখন এ খাতের পরিধি বেড়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণার বিকল্প নেই। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে পশু-পাখির রোগমুক্ত থাকা এবং মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব নিয়ে বলেন, পশু-পাখিকে সুস্থ রাখা, রোগ প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে গবেষণা ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ খাতে যত বেশি গবেষণা হবে, নিরাপদ খাদ্য উৎপাদনও তত বৃদ্ধি পাবে।
ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি ইতিমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীকে অবহিত করে আপনাদের চাকরির সুব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন হয়েছে।’
‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল দুই দিনে (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ড. সুকুমার সাহার সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খসরুজ্জামান।
সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সচিব অধ্যাপক ড. তাহসিন ফারজানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন