প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের কোন কার্যকর ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘ সময় ধরে বৃষ্টির পানি জমে গিয়ে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ছে। এর ফলে চরম দুর্ভোগসহ জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলে বাড়ির উঠান পানিতে ডুবে যায়। ঘর থেকে বের হয়ে হাঁটু সমান পানি পার হয়ে রাস্তায় যেতে বাধ্য হন। শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। অনেক বাড়ির আঙিনা, রান্নাঘর এবং বসতঘরের চারপাশ পানিতে ডুবন্ত অবস্থায় থাকায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।
মালোপাড়ার বাসিন্দা বিধান মালো (২৭) বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক জায়গা এখন ভাগাড়ের মতো হয়ে গেছে। স্থির ও নোংরা পানিতে মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বয়স্কদের প্রতিদিনই চরম সংকটের সম্মুখীন হতে হচ্ছে।
আরেক বাসিন্দা তরুণ কুমার মৃধা (৪০) জানান, প্রতি বর্ষা মৌসুমে একই সমস্যা পুনরাবৃত্তি হলেও এখন পর্যন্ত স্থায়ী কোন সমাধানের উদ্যোগ নেয়া হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও খাল-নালা সংস্কারের দাবি জানান তিনি।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস বলেন, মালোপাড়া গ্রামের জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবে প্রতি বর্ষা মৌসুমেই এলাকাবাসী দুর্ভোগে ভুগছেন। সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বরাদ্দ পেলে চলতি অর্থবছরেই এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ বহুগুণে বৃদ্ধি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন