প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) আসন্ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা আহ্বান জানিয়েছেন। তাঁরা উল্লেখ করেছেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আইইবিকে একটি কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা প্রয়োজন।
মঙ্গলবার আইইবি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে তাঁরা এসব বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন এবং নিজেদের পেশাগত বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আইইবি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি বলেন, এবারের নির্বাচন তাঁদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আনন্দঘন ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি আরও বলেন, প্রকৌশলীদের কথা বলার এবং দাবি আদায়ের অন্যতম স্থান আইইবি। দেশের জন্য কাজ করার সৎ নিয়ত থাকলে সেই কাজও ইবাদত হিসেবে গণ্য হবে। প্রকৌশলীদের যথেষ্ট মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে অন্য বিভাগের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। এ পরিস্থিতির পরিবর্তনে আইইবিতে যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে হবে। নির্বাচনের পর দায়িত্ব শেষ হবে না, বরং দেশের জন্য আরও বেশি কাজ করতে হবে।
কেমিক্যাল বিভাগের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও তাঁরা বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারসহ সব বিভাগের প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, এমন প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচারী শাসনামলে আইইবি নির্বাচনে ভিন্ন প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের ভয়ভীতি ও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে এবারের নির্বাচনে সেই পরিস্থিতি নেই। ভোট দেওয়ার পাশাপাশি ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৌশলীদের দায়িত্ব পালন করতে হবে।
ইঞ্জিনিয়ার শাহ ফয়সাল বিন রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রকৌশলীরা বিভক্ত হয়ে পড়েছেন। অথচ বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধাসহ নিজেদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যেই তাঁরা ‘ওয়ান আইইবি’ ধারণা নিয়ে কাজ করছেন। রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকলেও দেশের বৈষম্য দূর করে উন্নত রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও শাহ ফয়সাল বিন রহমান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন