প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের কারণে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মোজাম্মেল হোসেন (২৩) সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মোজাম্মেল হোসেন অভিযোগে উল্লেখ করেছেন যে, আব্দুল্লাহপুর মধ্যপাড়ার সৈয়দ আলী ও রবিউলদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। এছাড়া ঘরের আলমারিতে রাখা ৬০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে এবং চিৎকার শুনে মোজাম্মেলের ফুফাতো ভাই দুলাল ঘটনাস্থলে আসেন। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। দুলালকে রক্ষা করতে এগিয়ে এলে অন্যদেরও লাঠিসোটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন মোজাম্মেল।
অন্যদিকে, সৈয়দ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের সঙ্গে মারামারি হয়েছে। তিনি জানান, এ ঘটনায় তারা ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। তাই তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। সৈয়দ আলী দাবি করেন, তারা ভাঙচুরের সঙ্গে জড়িত নন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন