প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আপনি কি সারাক্ষণ কারও মেসেজের অপেক্ষায় থাকেন? ফোনের পর্দায় তার নাম দেখলেই কি মুখে হাসি ফুটে ওঠে? আবার উত্তর দিতে দেরি করলেই মন খারাপ হয়ে যায়? এমন অনুভূতি থেকে মনে হতে পারে, আপনি হয়ত প্রেমে পড়েছেন।
তবে মনোবিশ্লেষণধর্মী দৃষ্টিকোণ থেকে সব সময় এমন অনুভূতিকে ‘ভালোবাসা’ বলা সম্ভব নয়। অনেক সময় এটি অন্য কারও কাছ থেকে মনোযোগ, স্বীকৃতি বা গুরুত্ব পাওয়ার প্রতি নির্ভরশীলতার একটি রূপ হতে পারে।
প্রেম এবং মনোযোগের প্রতি আসক্তির মধ্যে পার্থক্য করা সব সময় সহজ নয়। বিশেষ করে যখন কারও নিয়মিত বার্তা আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। তবে কিছু লক্ষণ খেয়াল করলে নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব। যেমন-
তার উত্তরের ওপর নির্ভর করে আপনার মেজাজ।
যদি তার কাছ থেকে দ্রুত উত্তর পান, তাহলে আপনার মন ভালো হয়ে যায়। অন্যদিকে, উত্তর আসতে দেরি হলে অস্থিরতা কিংবা হতাশা ভর করে। দিনের বাকি সময়টাও হয়ত খারাপ কাটে। যদি আপনার ভালো থাকা বা মন খারাপের বিষয়টি পুরোপুরি তার দেওয়া মনোযোগের ওপর নির্ভর করে, তাহলে বুঝতে হবে আপনি হয়ত তার স্বীকৃতিকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন।
কথোপকথনের চেয়ে তার মেসেজ বেশি গুরুত্বপূর্ণ।
একবার ভেবে দেখুন, আপনি কি সত্যিই মানুষটিকে মিস করেন, নাকি তার কাছ থেকে নিয়মিত বার্তা পাওয়ার অভ্যাসটিকে? তার সঙ্গে অর্থবহ কথাবার্তার চেয়ে সকালে পাওয়া একটি 'গুড মর্নিং' কিংবা ছোট্ট প্রশংসা যদি বেশি আনন্দ দেয়, তাহলে আপনার অনুভূতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
তার নেতিবাচক দিকগুলো সহজেই উপেক্ষা করেন।
আপনাদের চিন্তাভাবনা, পছন্দ কিংবা জীবন সম্পর্কে প্রত্যাশায় হয়ত যথেষ্ট অমিল রয়েছে। কিন্তু সে যখনই প্রশংসা করে বা আপনাকে বিশেষ অনুভব করায়, তখন এসব পার্থক্য আর চোখে পড়ে না। আসলে কারও কাছ থেকে কাঙ্ক্ষিত হওয়ার অনুভূতি অনেক সময় সম্পর্কের প্রকৃত সামঞ্জস্য বিচার করার বিষয়টি আড়াল করে দেয়।
সে দূরত্ব তৈরি করলেই আপনার আগ্রহ বেড়ে যায়।
সে যখন নিয়মিত যোগাযোগ রাখে, তখন সবকিছু স্বাভাবিক মনে হয়। কিন্তু হঠাৎ যোগাযোগ কমিয়ে দিলে কিংবা দূরে সরে গেলে তাকে নিয়ে আপনার চিন্তা বেড়ে যায়। বারবার তার মেসেজ চেক করতে ইচ্ছা করে, কখন উত্তর দেবে তা নিয়ে অস্থিরতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে নিজের অনুভূতিকে গভীর ভালোবাসা ভেবে ভুল হতে পারে। বাস্তবে এটি ভালোবাসার চেয়ে হারিয়ে ফেলার ভয় কিংবা অনিশ্চয়তা থেকে তৈরি হওয়া উদ্বেগও হতে পারে।
নিজের চেয়ে তার পছন্দ-অপছন্দকে বেশি গুরুত্ব দেন।
সে আপনাকে পছন্দ করে কি না, তার চোখে আপনাকে কেমন দেখায় কিংবা আপনার কোনো আচরণে সে বিরক্ত হলো কি না—এসব ভাবতে আপনি অনেকটা সময় ব্যয় করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মানুষটির সঙ্গে সময় কাটিয়ে আপনি নিজে কতটা আনন্দ পান? একটি সুস্থ সম্পর্ক শুধু অন্যের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা নয়। বরং সেই মানুষটির সঙ্গে আপনার চাহিদা, প্রত্যাশা ও মানসিক স্বাচ্ছন্দ্যের মিল রয়েছে কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
কারও প্রতি আকর্ষণ অনুভব করা কিংবা তার কাছ থেকে মনোযোগ প্রত্যাশা করা অস্বাভাবিক নয়। তবে সেই মনোযোগের ওপর নিজের ভালো থাকা নির্ভরশীল হয়ে পড়লে বিষয়টি নিয়ে ভাবা জরুরি। কারণ ভালোবাসার সম্পর্কে শুধু অন্য মানুষটি আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেটিই নয়; তার সঙ্গে থাকলে আপনি কতটা ভালো থাকছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন