প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে এবং জড়িতদের শাস্তির দাবি জানাতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেন ক্যাম্পাসের সাংবাদিকরা।
মানববন্ধনে চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, “গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের প্রাণভোমরা। শেখ হাসিনার আমলেও গণমাধ্যমের ওপর নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতা ছিল। ১২ ফেব্রুয়ারির মাধ্যমে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এর প্রধান বাধা হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছেন, তাদের মুখ চেপে ধরছেন। একটি গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের জন্য এটি অত্যন্ত লজ্জার।”
চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “৫ আগস্টের আগে পুরো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। তাদের কার্যক্রম ক্যাম্পাসে তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল ক্যাম্পাস সাংবাদিকরা। কিন্তু ৫ আগস্টের পর তারা ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ক্যাম্পাস প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব হামলার একটিরও বিচার হয়নি। এভাবে ক্রমাগত চলতে থাকলে আমরা যে কারও কর্মসূচি বর্জন করতে এক পা-ও পিছপা হব না।”
মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ; রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করা।
মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন