প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বয়স্ক নারীদের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ এবং বয়সের সঙ্গে তাদের যৌন সক্রিয়তার মধ্যে একটি স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। ইরানের বয়স্ক নারীদের মধ্যে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, যেসব নারীরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করেন, তাদের যৌন সক্রিয় থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে, বয়স বাড়ার সঙ্গে যৌন সক্রিয়তার সম্ভাবনা কমে যায়।
গবেষণাটি ইরানের আমিরকোলা হেলথ অ্যান্ড এজিং প্রজেক্টের (এএইচএপি) তৃতীয় পর্যায়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে। এতে ৬০ বছর বা তার বেশি বয়সি ৩১৩ জন বিবাহিত নারীকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৭১ দশমিক ৩৩ বছর, এবং তাদের মধ্যে ৫৮ দশমিক ৫ শতাংশ নারী যৌন সক্রিয় থাকার কথা জানিয়েছেন।
বয়স্ক নারীদের যৌন স্বাস্থ্যের সঙ্গে জৈবিক, চিকিৎসা ও মনোসামাজিক বিভিন্ন বিষয়ের সম্পর্ক বোঝার উদ্দেশ্যে গবেষণাটি করা হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বয়স্ক নারীদের যৌন সুস্থতা নিয়ে গবেষণার তথ্য সীমিত ও অসংগতিপূর্ণ হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।
গবেষণায় অংশগ্রহণকারীদের বিভিন্ন মানসিক ও সামাজিক অবস্থা মূল্যায়নে একাধিক মানসম্মত প্রশ্ন ব্যবহার করা হয়। এর মধ্যে ছিল বয়স্কদের বিষণ্নতা পরিমাপের স্কেল, উদ্বেগ পরিমাপের স্কেল এবং ডিউক সোশ্যাল সাপোর্ট ইনডেক্স। পাশাপাশি, তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক অবস্থা, হরমোনের মাত্রা, প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা এবং পুষ্টি উপাদানের সাপ্লিমেন্ট গ্রহণের তথ্য সংগ্রহ করা হয়।
প্রাথমিক বিশ্লেষণের পর গবেষকরা একাধিক বিষয় একসঙ্গে বিবেচনায় নিয়ে পরিসংখ্যানগত বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, অন্যান্য বিষয় সমন্বয়ের পরও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের সঙ্গে যৌন সক্রিয়তার ইতিবাচক সম্পর্ক বিদ্যমান।
যেসব নারী ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতেন, তাদের যৌন সক্রিয় থাকার সম্ভাবনা অন্যদের তুলনায় ১ দশমিক ৮৩ গুণ বেশি ছিল।
অন্যদিকে, বয়স বৃদ্ধির সঙ্গে যৌন সক্রিয়তার সম্ভাবনা কমতে দেখা গেছে। গবেষণায় দেখা যায়, বয়স প্রতি এক বছর বাড়লে যৌন সক্রিয় থাকার সম্ভাবনা প্রায় ৯ শতাংশ কমে যায়। এ ক্ষেত্রে সমন্বিত অডস রেশিও ছিল শূন্য দশমিক ৯১।
গবেষণায় আরও দেখা গেছে, সামাজিক সহায়তা, বিষণ্নতা ও উদ্বেগের সঙ্গে যৌন সক্রিয়তার স্বতন্ত্র কোনো পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ সম্পর্ক পাওয়া যায়নি। একইভাবে, প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ এবং শিক্ষাগত যোগ্যতার সঙ্গেও যৌন সক্রিয়তার স্বতন্ত্র সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।
তবে গবেষকরা ভিটামিন ডি গ্রহণের সঙ্গে যৌন সক্রিয়তার ইতিবাচক সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ, গবেষণাটি একই সময়ে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের রক্তে ভিটামিন ডির প্রকৃত মাত্রা সরাসরি পরিমাপ করা হয়নি। ফলে অন্য কোনো অজানা বিষয় কিংবা সাপ্লিমেন্ট গ্রহণকারীদের সামগ্রিক স্বাস্থ্যসচেতনতা এ ফলাফলে প্রভাব ফেলতে পারে।
গবেষকদের মতে, বয়স্কদের সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো এবং জীবনমান বজায় রাখার ক্ষেত্রে যৌন সক্রিয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে জৈবিক, মানসিক ও সামাজিক নানা বিষয় জড়িত। এসব বিষয়ের স্বতন্ত্র ভূমিকা বোঝা গেলে বয়স্কদের যৌন সুস্থতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে।
গবেষকরা এ বিষয়ে দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যৎ গবেষণায় অংশগ্রহণকারীদের রক্তে ভিটামিন ডির মাত্রা সরাসরি পরিমাপের পাশাপাশি যৌন স্বাস্থ্য ও মনোসামাজিক বিষয়গুলোও বিস্তারিতভাবে মূল্যায়নের পরামর্শ দিয়েছেন। এতে সময়ের সঙ্গে এসব সম্পর্ক বজায় থাকে কি না এবং বার্ধক্যের বিভিন্ন পর্যায়ে জৈবিক, চিকিৎসা ও মনোসামাজিক বিষয়গুলো কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, তা বোঝা সম্ভব হবে। সূত্র: বায়োইঞ্জিনিয়ার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন