প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের জীবনে কিছু সম্পর্ক স্রষ্টার পক্ষ থেকে পাওয়া এক অনন্য উপহার, যার গভীরতা উপলব্ধি করতে পুরো জীবনও যথেষ্ট নয়। মা-বাবা তেমনই এক অনন্য উপহারের নাম। পৃথিবীর আলো দেখার আগে থেকেই যাদের ত্যাগের সঙ্গে আমাদের অস্তিত্বের বন্ধন রয়েছে, যাদের স্বপ্নের ভেতর ধীরে ধীরে বেড়ে ওঠে আমাদের সুন্দর ভবিষ্যৎ। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধুমাত্র একটি নৈতিক দায়িত্ব নয়, বরং ঈমানি চেতনার অপরিহার্য অংশও বটে। একটি সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবা নিজেদের কত-শত ইচ্ছাকে নীরবে বিসর্জন দেন, তার কোনো হিসাব লেখা হয় না। মায়ের স্নেহমাখা মমতা এবং বাবার নীরব সংগ্রাম মিলে সন্তানের জন্য তৈরি করে নিরাপদ আশ্রয়। অথচ সময়ের আবর্তে যখন সন্তান নিজের পৃথিবী সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, তখন জীবনের সবচেয়ে আপন মানুষ দুটিই সন্তানের কাছে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলেন। এমন অবহেলা মানুষের বিবেক, মানবিকতা ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের ‘উফ্’ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিয়ো না; বরং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো।’ (সুরা আল-ইসরা : ২৩) মা-বাবার গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘কে হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘যে ব্যক্তি তার মা-বাবার একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অতঃপর জান্নাতে প্রবেশ করতে পারল না।’ (মুসলিম : ২৫৫১)
এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, মা-বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্নশীল আচরণই একজন সন্তানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, কণ্ঠে কোমলতা রাখা, অসুস্থতায় সেবা করা এবং বৃদ্ধ বয়সে তাদের নিঃসঙ্গতা দূর করে পাশে থাকা—এসবই কৃতজ্ঞতার বাস্তব প্রকাশ। মনে রাখতে হবে, মা-বাবা চিরকাল আমাদের পাশে থাকবেন না। একদিন হয়তো তাদের কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটি থাকবেন না। তাই সময় থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং তাদের দোয়া অর্জন করুন। পৃথিবীর কাছে সফল হওয়ার আগে মা-বাবার কাছে একজন উত্তম সন্তান হয়ে উঠুন। কেননা জীবনের সব অর্জন একদিন ম্লান হয়ে যেতে পারে, কিন্তু মা-বাবার চোখের প্রশান্তি আর মুখের দোয়া একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন